যাত্রীর চাপে বগি সামান্য কাত!

ঈদের ছুটি শুরু হওয়ার কারণে আজ বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রাম স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ দুপুরের মধ্যে বেশির ভাগ সরকারি ও বেসরকারি দপ্তর ফাঁকা হতে শুরু করে। এরপর স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রীর চাপে আজ চাঁদপুরগামী একটি ট্রেনের দুটি বগি সামান্য কাত হয়ে যায়। তবে পরে যাত্রী কিছু নামিয়ে ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে।
রেল কর্মকর্তারা জানান, বেশির ভাগ ট্রেন যাত্রীবোঝাই করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। তবে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। এই ট্রেনে করে বৃহত্তর বরিশালের যাত্রীরা চাঁদপুর পর্যন্ত যান। এরপর চাঁদপুর থেকে লঞ্চ বা স্টিমার চড়ে বরিশাল, ভোলাসহ আশপাশের জেলায় যান তাঁরা। বিপুল যাত্রীর চাপে আজ বিকেলে মেঘনার দুটি বগি সামান্য কাত হয়ে যায়। এ কারণে কয়েক মিনিট দেরিতে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে সূত্র জানায়, মেঘনা এক্সপ্রেসের রেক (ইঞ্জিন ও কোচ) বিকেল ৫টা ৫০ মিনিটে ৫ নম্বর লাইনে প্রবেশ করে। যদিও ট্রেনটির যাত্রার সূচি ছিল বিকেল সোয়া পাঁচটায়। লাইনে প্রবেশের শত শত যাত্রী ট্রেনের ভেতর ও ছাদের ওপরে ওঠেন। ১৬টি বগিতে ধারণক্ষমতা ৯৬০ হলেও আড়াই থেকে তিন গুণ বেশি যাত্রী ওঠায় দুটি বগি সামান্য কাত হয়ে যায়। এ কারণে রেলের একজন কর্মী হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুরুষ যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ করেন। পরে ট্রেন থেকে কিছু যাত্রী নামিয়ে দেওয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়।
রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রীর ভারে মেঘনার কোচ (বগি) সামান্য কাত হয়। কিছু যাত্রী নামিয়ে দিয়ে ভারসাম্য আনার পর ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ১০টি আন্তনগর ও ৭টি এক্সপ্রেস ও মেইল ট্রেন ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করছে। ঈদ উপলক্ষে চাঁদপুরের রেলপথে তিন দিন দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আজ প্রতিটি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।