যাত্রীর চাপে বেসামাল সদরঘাট!
পথে পথে যানজট। ঘাটে পৌঁছাতেই যাত্রীরা গলদঘর্ম। ঘাটে যাত্রী-লঞ্চকর্মী-হকার মিলে মানুষ বেশুমার। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তার ভেতরেই কুলিদের উৎপাত। এরপর লঞ্চ কখন ছাড়বে, তাও অজানা। তবু আগে আগে ঘাটে পৌঁছাতে পেরেই বাড়ি ফেরার আনন্দ চোখেমুখে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সদরঘাটে গিয়ে এমন চিত্রই দেখা গেল। ঈদ ও পূজা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের চাপে সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।
টার্মিনাল সূত্র জানায়, গতকাল সকাল থেকেই ভোলা, আমতলী, পটুয়াখালী, বরিশাল ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলগামী শত শত মানুষ পরিবার-পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে আসতে শুরু করে। বেলা দুইটার পর টার্মিনাল পরিণত হয় জনারণ্যে। গতকাল সদরঘাট ছেড়ে যাওয়া সব কয়টি লঞ্চেই অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। তবে ঘাটে পৌঁছানোর আগেই ওয়াইজঘাট, পাটুয়াটুলি ও চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকায় পড়তে হয় বাড়তি বিড়ম্বনায়। ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজট লেগে যায় বলে জানান যাত্রীরা।
বরিশালগামী কালাম খান-১ লঞ্চের যাত্রী নাজমুল হোসেন বললেন, ‘গত সপ্তাহে লঞ্চের ডাবল কেবিনের বুকিং নিয়েছিলাম। লঞ্চ ছাড়বে সন্ধ্যায়। যানজটের ভয়ে দুইটার মধ্যেই টার্মিনালে চলে আসি।’ টার্মিনালে কুলিদের উৎপাতের শিকার হওয়ার কথা জানালেন যাত্রীদের কেউ কেউ।
আগেরদিন নৌকায় করে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় মা ও এক শিশুর। এর পরও গতকাল অনেককে নৌকায় করে লঞ্চে উঠতে দেখা গেল। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানালেন, মাঝনদীতে নৌকা দিয়ে লঞ্চে যাত্রী ওঠানামা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লঞ্চমালিক ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে একটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। তারা নদীতে সার্বক্ষণিক নজরদারি রাখছে।
দুর্ভোগ সঙ্গে নিয়েই ফেরা: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বরিশাল অফিস জানায়, এবার পূজা এবং ঈদ উপলক্ষে গতকাল থেকে বরিশাল-ঢাকা নৌপথে বিশেষ সার্ভিস শুরু হয়েছে। এর আওতায় এই নৌপথে (ভায়া পথসহ) ১৮টি লঞ্চ চলাচল করছে। তবে সার্ভিস শুরুর অনেক আগেই সব টিকিট লাপাত্তা। তাই দুর্ভোগকে সঙ্গী করেই ফিরতে হচ্ছে যাত্রীদের।
সাধারণ যাত্রীদের অভিযোগ, বিশেষ এবং সাধারণ কোনো সার্ভিসের সুবিধাই তারা পাচ্ছে না। বিশেষ করে লঞ্চ ও জাহাজের কেবিন বিশেষ সার্ভিস শুরুর আগেও পাওয়া যায়নি। লঞ্চমালিকেরা সিন্ডিকেট করে টিকিট বিক্রি করে দিচ্ছেন। ফলে চরম দুর্ভোগ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
অতিরিক্ত যাত্রী ওঠা ঠেকাতে ব্যবস্থা: নিজস্ব প্রতিবেদক জানান, পূজা ও ঈদের ছুটিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা ঠেকাতে পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।