যাত্রীর চাপে মেঘনার দুই বগি সামান্য কাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আজ শুক্রবার। তবে গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগর ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। দুপুরের পর থেকে চট্টগ্রাম রেলস্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ছিল যাত্রীতে বোঝাই। গতকাল ট্রেনগুলোতে এমনই ভিড় ছিল যে যাত্রীর চাপে একটি ট্রেনের দুটি বড়ি সামান্য কাত হয়ে যায়।
রেলের কর্মকর্তারা জানান, গতকাল বেশির ভাগ ট্রেন যাত্রীবোঝাই করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। এ ট্রেনে করে বৃহত্তর বরিশালের যাত্রীরা চাঁদপুর পর্যন্ত যান। এরপর চাঁদপুর থেকে লঞ্চ বা স্টিমারে চড়ে বরিশাল, ভোলাসহ আশপাশের জেলায় যান তাঁরা। যাত্রীর চাপে গতকাল বিকেলে মেঘনার দুটি বগি সামান্য কাত হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, মেঘনা এক্সপ্রেস গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে ৫ নম্বর লাইনে প্রবেশ করে। যদিও ট্রেনটির যাত্রার সময় ছিল বিকেল সোয়া পাঁচটা। লাইনে প্রবেশের পর শত শত যাত্রী ট্রেনটির ভেতরে ও ছাদের ওপরে ওঠে। ১৬টি বগিতে ধারণক্ষমতা ৯৬০ হলেও আড়াই থেকে তিন গুণ বেশি যাত্রী ওঠায় দুটি বগি সামান্য কাত হয়ে যায়। এ কারণে রেলের একজন কর্মী হ্যান্ড মাইকে পুরুষ যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ করেন। পরে ট্রেন থেকে কিছু যাত্রী নামিয়ে দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়।
রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রীর ভারে মেঘনার কোচ (বগি) সামান্য কাত হয়। কিছু যাত্রীকে নামিয়ে দিয়ে ভারসাম্য আনার পর ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ১০টি আন্তনগর ও ৭টি এক্সপ্রেস ও মেইল ট্রেন ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করে। ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে তিন দিন দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।