যাত্রীর জুতার ভেতর ১০টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর জুতার ভেতর থেকে ১০টি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গত শনিবার রাতে এসব সোনার বার জব্দ করা হয়।
আটক যাত্রীর নাম মো. আবু ছালেক। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শনিবার রাতে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে দুবাই থেকে চট্টগ্রামে আসেন আবু ছালেক। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে তল্লাশি করা হয়। পরে তাঁর জুতার ভেতর থেকে সোনার বারগুলো পাওয়া যায়। আটক যাত্রী এ বছর দুবার দেশের বাইরে গেছেন।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা সোনার বারের ওজন ১ কেজি ১৬০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।
যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের সোনার বার বা স্বর্ণপিণ্ড শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন। প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের সোনার বারের জন্য তিন হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করতে হয়। তবে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার শুল্ক-কর ছাড়াই আনা যায়।