যাত্রীর নিষ্ঠুরতায় ট্রেনের নিচে প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের মির্জাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীর নিষ্ঠুরতার শিকার হয়ে ট্রেনে কাটা পড়ে মো. বাবর (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাবরের বাড়ি মির্জাপুরের কুর্ণী গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সুমন বাসফোর নামের (২৭) এক রেলযাত্রীকে আটক করেছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের মঞ্জু বাসফোরের ছেলে।
নিহত তরুণের পরিবার ও রেলওয়ে সূত্রমতে, বাবর তাঁর শ্যালক আরিফ হোসেনকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তুলে দিতে স্ত্রী বীথি আক্তারসহ স্টেশনে যান। সেখানে আরিফকে ট্রেনে তুলে দেওয়া নিয়ে সুমনের সঙ্গে বাবরের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সুমন ট্রেন থেকে বাবরের গায়ের গেঞ্জি টেনে ধরেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে বাবর ট্রেনের সঙ্গে দৌড়াতে থাকেন। স্টেশনের অদূরে বাওয়ার কুমারজানী এলাকায় পৌঁছালে বাবরের গেঞ্জি ছিঁড়ে যায়। এতে বাবর চলন্ত ট্রেনের নিচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনা দেখে যাত্রীরা সুমনকে ট্রেনেই আটক করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় নিহত বাবরের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী বীথি বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি ওই ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রথম আলোকে বলেন, সুমনকে কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।