যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিলেন চালক
সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক এনাম মিয়ার সততায় অভিভূত হলেন শিক্ষক শ্রাবণী শর্মা। টাকা-স্বর্ণালংকারভর্তি হাতব্যাগটি ফেরত পেয়ে যারপরনাই খুশি তিনি।চণ্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবণী শর্মা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার থেকে এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন তিনি। পোস্ট অফিস সড়কে গিয়ে তিনি অটোরিকশা থেকে নামার সময় ভুলে নিজের হাতব্যাগটি ফেলে যান। ব্যাগে একটি স্বর্ণের চেইন, মুঠোফোন সেট, ব্যাংকের চেকবই, নগদ সাড়ে ১৩ হাজার টাকা ছিল। কিছুক্ষণ পর হাতব্যাগটির কথা মনে পড়ে শ্রাবণীর। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান পাননি তিনি। কয়েক ঘণ্টা পর চালক শ্রাবণীকে খুঁজে বের করে তাঁর হাতব্যাগটি ফিরিয়ে দেন। চালকের সততায় মুগ্ধ হয়ে শ্রাবণী বখশিশ দিতে চান এনামকে। বিনয়ের সঙ্গে বখশিশের টাকা ফিরিয়ে দেন তিনি।এনামের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। তিনি বলেন, ‘ছোটবেলায় পরিবার থেকে শিক্ষা পেয়েছি, অন্যের জিনিসের প্রতি লোভ করতে নেই কখনো।’