যাত্রীর বহন করা এসিডে ঝলসে গেল শিশুসহ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল রোববার শ্যালো ইঞ্জিনচালিত একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় টেম্পোতে এক যাত্রীর বহন করা এসিডে ঝলসে যায় শিশুসহ পাঁচজনের শরীর। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বরিশাট এলাকায় শ্রীপুর-মাগুরা শহরে এ ঘটনা ঘটে।মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এসিডদগ্ধ যাত্রী আসমা খাতুন ও রফিকুল ইসলাম বলেন, মাগুরা শহরের নতুন বাজারের শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে গতকাল দুপুরে তাঁরা ‘গ্রামবাংলা পরিবহন’ নামের ওই টেম্পোতে ওঠেন। টেম্পোর ভেতর ১০ জন যাত্রী ছিল। তিন নারী যাত্রীর কোলে তিনটি শিশু ছিল। যাত্রীদের একজন প্লাস্টিকের একটি পাত্রে এসিড বহন করছিলেন। কিন্তু চালক বিষয়টি গোপন রেখে টেম্পোতে যাত্রী তোলেন। বেলা সোয়া একটার দিকে বরিশাট এলাকায় পৌঁছালে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় এসিডের ওই পাত্রটির মুখ খুলে গেলে রত্না বেগম, আসমা খাতুন ও তাঁর দেড় বছরের শিশু লামিয়া এবং এসিডের মালিক মুরাদ মণ্ডলের শরীর ঝলসে যায়। মুরাদ মণ্ডল ছাড়া আহত সবার বাড়ি শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে। সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, আহতদের সবার অবস্থাই গুরুতর। তাদের শরীরের অধিকাংশ জায়গা এসিডে ঝলসে গেছে।সদর হাসপাতালে চিকিৎসাধীন এসিডের মালিক মুরাদ মণ্ডল বলেন, তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বি-কয়া গ্রামে। তিনি বি-কয়া বাজারে খুচরা এসিড বিক্রি করেন এবং ব্যাটারিতে চার্জ দেওয়ার ব্যবসা করেন। এসিড বিক্রির জন্য তাঁর কোনো অনুমোদন নেই। গতকাল মাগুরা শহরের আতর আলী সড়কের শিকদার নামে এক ব্যক্তির দোকান থেকে ওই এসিড কিনে তিনি বাড়ি ফিরছিলেন। তবে যাত্রীরা আপত্তি করতে পারে বলে চালকের সঙ্গে পরামর্শ করে তিনি অন্য যাত্রীদের কাছে বিষয়টি গোপন রাখেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক বলেন, পুলিশ টেম্পোটি আটক করেছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।