যাত্রীর লাগেজে ২৫টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ থেকে ২৫টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

গতকাল শনিবার দুপুর ১২টায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টম হাউস সূত্র জানায়, কাতারের দোহা থেকে দুবাই হয়ে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এক যাত্রী এই লাগেজ নিয়ে আসেন। গত শুক্রবার রাতে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীরা চলে যান। তবে ওই ফ্লাইটের কিছু মালামাল বিমানবন্দরে রয়ে যায়।

গতকাল শনিবার দুপুরে এসব মালামাল স্ক্যানিং করে একটি লাগেজ থেকে সোনার বার জব্দ করেন কাস্টম হাউসের কর্মকর্তারা।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের সূত্র ধরে ট্রলি ব্যাগ স্ক্যানিং করে এসব জব্দ করা হয়। তবে ব্যাগে কোনো ট্যাগ ছিল না, যে কারণে যাত্রী শনাক্ত করা যায়নি। যাত্রী শনাক্ত হলে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হবে।

মশিউর রহমান মণ্ডল বলেন, জব্দ হওয়া সোনার বারের ওজন দুই কেজি ৯১৬ গ্রাম। এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।