যাত্রীরা শতভাগ সেবা পাচ্ছে: রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে মন্ত্রী মুজিবুল হক। ছবি: ফোকাস বাংলা
কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে মন্ত্রী মুজিবুল হক। ছবি: ফোকাস বাংলা

রেলমন্ত্রী মুজিবুল হক দাবি করেছেন, স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেনযাত্রায় যাত্রীরা সন্তুষ্ট। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক ঝটিকা পরিদর্শন শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এ দাবি করেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে সব ট্রেন নিয়মিতভাবে ঢাকা স্টেশন থেকে সঠিক সময়ে যাত্রা করছে। সরেজমিনে উপস্থিত হয়ে দেখলাম, সকাল থেকে রেলের কর্মকর্তারা স্টেশনে কাজ করছেন। এ বছর যাত্রীরা শতভাগ সেবা পেয়েছে। চট্টগ্রামগামী, সিলেটগামী, দিনাজপুরগামী, খুলনাগামী বিভিন্ন ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সঠিক সময়ে যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পেরে তাঁরা সন্তুষ্ট।’
সকাল থেকে অধিকাংশ ট্রেন স্টেশন থেকে সময়মতো ছেড়ে যায়। বেলা তিনটা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ২৭টি ট্রেন বিভিন্ন পথে ছেড়ে গেছে। তবে কয়েকটি রেলপথের ট্রেন স্টেশন ছাড়তে দেরি করে।
সকাল আটটায় চিলাহাটিগামী নীলসাগর ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে ২০ মিনিট দেরি করে। যান্ত্রিক গোলযোগের কারণে রংপুর এক্সপ্রেস সকাল নয়টায় ছাড়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর বেলা ১১টার পরে ছাড়ে।
সকালে ধূমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী এক্সপ্রেস, রাজশাহীর সিল্ক সিটি ট্রেন ১০-১৫ মিনিট পর স্টেশন ছেড়ে চলে যায়। এ ছাড়া ময়মনসিংহগামী ঈশা খাঁ ট্রেনটি কমলাপুর স্টেশন ছাড়ার কথা বেলা সাড়ে ১১টায়, যা ৪০ মিনিট পরে স্টেশন ছেড়ে যায়।
রাজশাহী এক্সপ্রেসের দুপুর ১২টা ২০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই আসে বেলা দেড়টায়। এক ঘণ্টা ৪০ মিনিট পর ট্রেনটি ছাড়ে। রাজশাহী এক্সপ্রেসের যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ফারহান প্রথম আলোকে বলেন, ‘অপেক্ষা তো করতেই হবে। বাড়ি যেতে তো একটু ভোগান্তি হবে। কী আর করা। অন্যান্যবার তো আরও বেশি সময় অপেক্ষা করা লাগে।’
রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুরে পরিদর্শনে এসে সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন। ট্রেনযাত্রীদের কোনো কষ্ট বা ভোগান্তি হচ্ছে কি না, তার খোঁজখবর নেন। রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদে স্পেশাল, অতিরিক্ত কোচ, টিকিট, ইঞ্জিন যা ব্যবস্থা করা হয়েছে, তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী সব সময় নির্দেশনা দিচ্ছেন যাতে ঈদে সবাই বাড়ি গিয়ে উৎসব পালন করতে পারে। ট্রেনে যাতে সবাই নিরাপদে গন্তব্যস্থলে যেতে পারে, প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিচ্ছেন।
রেলমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত ২৭টি ট্রেন স্টেশন থেকে গিয়েছে। শুধু যান্ত্রিক গোলযোগের কারণে রংপুর এক্সপ্রেস কয়েক মিনিট দেরি হয়। বাকি সব ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। এর মূল কারণ রেল মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব পালন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে শতভাগ সেবা দেওয়া সম্ভব হয়েছে। আশা করি ঢাকায় ফেরার পথেও এই সেবা অব্যাহত থাকবে।’
সকাল থেকে বিভিন্ন পথের ট্রেনের ছাদে যাত্রীদের উঠতে দেখা যায়। ছাদে ওঠার ব্যাপারে রেলমন্ত্রী বলেন, ‘ছাদে ওঠা আইনে নেই। ছাদে যাত্রীরা যাতায়াত করার কোনো সুযোগ নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি, যাতে সবাইকে বুঝিয়ে, পিঠে হাত বুলিয়ে বোঝানোর। তারপরও কিছু যাত্রী উঠতে পারে, যা আইনে নেই। আমরা অনুরোধ করি, আপনারা ছাদে উঠবেন না।’