যাত্রীসংকটে শেষ মুহূর্তেও হজ ফ্লাইট বাতিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী-সংকটের কারণে শেষ মুহূর্তেও হজ ফ্লাইট বাতিল হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ৯১৯ জন হজযাত্রীর পাসপোর্ট ভিসার জন্য রাজধানীর আশকোনার হজ কার্যালয়ে জমা পড়েনি। আর ৪ হাজার ৩৩৭ জন হজযাত্রীর ভিসা এখনো হয়নি। হজ কার্যালয়ের দাবি, হজ ভিসা আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে।

হজযাত্রী-সংকটের কারণে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকাল ৭টা ৩৫ মিনিটের হজ ফ্লাইট (অতিরিক্ত স্লটের) বাতিল হয়েছে। একই কারণে বেলা ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটের সময় পিছিয়ে ২১ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে নেওয়া হয়েছে। গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হওয়ার পর গত ২১ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩১টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হলো।

গতকাল সৌদি এয়ারলাইনসের চারটি ও বিমানের চারটি হজ ফ্লাইটে ৩ হাজার ৩০৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। ভিসা হতে বাকি এমন হজযাত্রীদের পাসপোর্ট জমা নিতে তিন দিন ও ৫ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপনের (রিপ্লেসমেন্ট) জন্য দুই দিন সময় চেয়ে সৌদি দূতাবাসকে অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, সৌদি দূতাবাস কাল রোববার পর্যন্ত মন্ত্রণালয়কে হজ ভিসার আবেদনের কাজ চালিয়ে যেতে বলেছে।

হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সময় বাড়ানোর আবেদন অনুমোদন করা হয়েছে কি না, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সৌদি দূতাবাস লিখিত চিঠি দেয়নি। দূতাবাস না-ও করেনি। তারা চিঠি না দিলেও রোববার পর্যন্ত পাসপোর্ট জমা নেবে।

এ প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক প্রথম আলোকে বলেন, ‘এত শর্ট টাইমের ভেতরে লিখিত এই যুগে লাগে না। এই যুগে আমরা মেসেজ করে সবকিছু করতে পারি। শেষ মুহূর্তে কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই, কাজ হওয়ার দরকার। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাচ্ছি।’

হজ কার্যালয়ের হিসাবে, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। গতকাল পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২৭৯ জন হজযাত্রী ভিসার জন্য নিবন্ধন করেছেন। এখনো ৪ হাজার ৩৩৭ জনের ভিসা হয়নি। আর ৯১৯ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমাই পড়েনি।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গতকাল পর্যন্ত ভিসা হয়েছে ১ লাখ ২২ হাজার ৮৬১ জন হজযাত্রীর। এর মধ্যে গতকাল পর্যন্ত ৭৫ হাজার ৯০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা। বাকি ৮ দিনে ৪৭ হাজার ৯২ জন হজযাত্রীকে সৌদি আরব পাঠাতে হবে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, শঙ্কার কোনো কারণ নেই। বিমানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, হজ ফ্লাইট রিশিডিউল হচ্ছে।

গতকাল হজ ক্যাম্পে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসছেন। ক্যাম্পের মসজিদের সামনের ফাঁকা জায়গায় অনেকে ইহরাম পরে প্রস্তুতি নিচ্ছিলেন। ছুটির দিন হওয়ায় অনেক হজযাত্রীর সঙ্গে পরিবারের লোকজন দেখা করতে আসেন।

লক্ষ্মীপুরের সরকারি চাকুরে আলমগীর বাবুল বলেন, তাঁর স্ত্রীর ভিসা ও টিকিট হয়ে গেছে। তাঁর ভিসাই এখনো হয়নি। এ নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।