যুক্তরাজ্যের হিথরোগামী বাংলাদেশ বিমানের বিজি ০০৭ বোয়িং বিমান সাড়ে তিন শ যাত্রী নিয়ে ব্রাসেলসে আটকা পড়েছে। আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ের মেঘ না কাটায় ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ দেশটির কোনো বিমানবন্দরে বিমান অবতরণের অনুমতি দিচ্ছে না। স্থানীয় সময় আজ শনিবার সকাল সাতটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার লন্ডন সময় বেলা একটায় বিমানটি হিথরো বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিসের বিধিনিষেধের কারণে তা ব্রাসেলস বিমানবন্দরে অবতরণ করে। ব্রাসেলস থেকে গতকাল শুক্রবার সকাল ১০টায় বিমান উড্ডয়নের কথা থাকলেও ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনে অবতরণের অনুমতি না পাওয়ায় যাত্রীদের লন্ডনে পৌঁছা অনিশ্চিত হয়ে পড়েছে। বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শামসুল করিম জানান, গতকাল ব্রাসেলসে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে যাত্রীদের সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস দুর্ভোগের শিকার যাত্রীদের সহযোগিতা করছে। বিপুলসংখ্যক যাত্রীর হোটেলে স্থানসংকুলান না হওয়ায় রেডক্রস বিশেষ তাঁবুরও ব্যবস্থা করেছে।