ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রতি ঘণ্টায় রেল সার্ভিস চালুসহ যাত্রীসেবার মান উন্নয়নের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। বিকেল চারটা থেকে প্রায় এক ঘণ্টা ধরে শহরের চাষাঢ়া এলাকায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। বিপুলসংখ্যক সাধারণ মানুষ এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন। কর্মসূচি চলার সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম কল্পনা প্রমুখ।বক্তারা বলেন, বর্তমানে যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুর কাজ শুরু হওয়ায় সড়কপথে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পৌঁছাতে তিন-চার ঘণ্টা লেগে যায়। বাসমালিকেরা ২২-৩০ টাকা ভাড়া আদায় করছেন। সে ক্ষেত্রে রেল সার্ভিস সাশ্রয়ী ও যানজটমুক্ত। ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া মাত্র ছয় টাকা। তবে রেলের সংখ্যা অনেক কম। ২৪ ঘণ্টায় মাত্র ১০টি ট্রেন চলে। বগির সংখ্যাও চার-পাঁচটি। বগিগুলো নোংরা ও দুর্গন্ধযুক্ত। প্রতি ঘণ্টায় রেল সার্ভিস চালু, বগির সংখ্যা বাড়িয়ে ১২টিতে উন্নীত করা, নারীদের জন্য একটি প্রথম শ্রেণীর বগিসহ দুটি বগি নির্ধারণ করা, সিগন্যাল পদ্ধতি হালনাগাদ করাসহ যাত্রীসেবার মান উন্নয়নের দাবি জানান বক্তারা।