যাদুকাটা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী পাহাড়ী নদী যাদুকাটা থেকে গতকাল রোববার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। শিশুটির নাম উজ্জ্বল মিয়া (১২)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা গ্রামের মনু মিয়ার ছেলে।পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি নদীটি পাড়ি দিয়ে বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি গ্রামে তার ভাবির বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়।পরিবারের লোকজন বিষয়টি এলাকায় মাইকে প্রচার করলেও তার সন্ধান মেলেনি।গতকাল সকালে যাদুকাটা নদীর বারেকটিলার কাছে ভাসমান অবস্থায় একটি শিশুর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন উজ্জ্বলের লাশ হিসেবে শনাক্ত করে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ পাঠানো হয়েছে।