যাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পাড় কেটে বালু তুলে বিক্রি করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে ১৫টি গ্রাম ভাঙনের মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের কর্মী ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিনের নিকটাত্মীয়রা নদীর পাড় কাটার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর ছোট ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান। এ ছাড়া বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাখাব উদ্দিনের ছোট ভাই আপ্তাব উদ্দিনও নদীর পাড় কাটার সঙ্গে জড়িত। আপ্তাব উদ্দিন সুনামগঞ্জ জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য।
স্থানীয় লোকজনের অভিযোগ, এই দুই পরিবারের পাশাপাশি স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি নদীর পাড় কেটে বালু বিক্রি করছেন। স্থানীয় ব্যক্তিরা বলছেন, যাদুকাটা নদীর তলদেশে এখন আর বালু নেই। এখন নদীতে বালু উত্তোলন মানেই পাড়কাটা। তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমদ বলেন, বেপরোয়াভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় সড়ক, ফসলি জমি এবং নদী তীরের গ্রামগুলো ভাঙনের কবলে পড়েছে। তিনি আরও বলেন, নিজাম উদ্দিন ও রাখাব উদ্দিনের পরিবারের লোকজন পাড় কাটায় জড়িত। প্রভাবশালী এই দুই পরিবারের লোকজন পাড় কেটে বালু বিক্রি না করলে অন্যরা এ কাজ করার সাহস পাবে না। এলাকার লোকজন, শ্রমিক ও বালু ব্যবসায়ীরা বলেন, নদীর পাড় কেটে প্রতিদিন ১৫টি বাল্কহেড ও শতাধিক নৌকায় বালু বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। একটি বাল্কহেডে সাত হাজার ফুট এবং একটি নৌকায় এক হাজার ফুট বালু বোঝাই করা যায়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, ‘আমরা আন্তরিকভাবে চেষ্টা করেও পাড় কাটা বন্ধ করতে পারছি না।’
সরেজমিনে দেখা যায়, লাউড়েরগড় বাজারের দক্ষিণ দিকের নদীর পাড়, ঢালার পাড় গ্রামের সামনে ও বড় টেক এলাকায় নদীর পাড় কেটে বালু তুলে নৌকা ভর্তি করছেন শ্রমিকেরা।
তাহিরপুর উপজেলা পরিষদ সূত্র জানায়, পাড় কাটার কারণে বাদাঘাট-লাউড়েরগড় সড়কের ২০০ ফুট রাস্তা নদীতে ভেঙে পড়েছে। তা ছাড়া ভাঙনের মুখে পড়েছে নদী তীরের ১৫টি গ্রাম।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি মেহেদী উজ্জ্বল বলেন, নিজাম উদ্দিন ও রাখাব উদ্দিনের পরিবারের বেপরোয়া পাড় কাটার কারণে নদীর তীরের এলাকার পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। নিজাম উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই ওলিউর রহমান এখন নদীতে যায় না।’ ওলিউর রহমান বলেন, ‘আমি পাড় কাটার সঙ্গে জড়িত নই। আপ্তাব উদ্দিনেরা এর সঙ্গে জড়িত।’
আপ্তাব উদ্দিন বলেন, ‘আমি পাড় কাটার সঙ্গে জড়িত নই। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘আমরা যতক্ষণ পাহারা দিই, ততক্ষণ পাড় কাটা বন্ধ থাকে। কিন্তু চলে গেলেই দুষ্কৃতকারীরা এ কাজ করে।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিদের কারণে আমরা চেষ্টা করেও নদীর পাড় কাটা বন্ধ করতে পারছি না।’