যাদুকাটার পাড় কেটে বালু-পাথর বিক্রি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর দুই পাড় কেটে অবাধে বালু-পাথর উত্তোলন ও বিক্রি চলছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফল হয়নি। এ কাজে ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজন জড়িত বলে অভিযোগ আছে। এ নিয়ে তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার হোসেন বিব্রত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে। এর বাইরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারেন।’গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী লাউড়েরগড় ও আশপাশের এলাকায় যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে। দিনে-রাতে ছোট-বড় নৌকা দিয়ে কয়েক শ শ্রমিক নদীর পাড় কাটছেন। নদীর পানি কমে গেলে নৌকা চলাচলে অসুবিধা হবে, তাই এত তাড়াহুড়া। পাড় কেটে বালু নেওয়ার পাশপাশি একই স্থানে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তালন করা হচ্ছে। এতে বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়, পুরান লাউড়, ঢালারগাঁও, ছরারপাড়, ঘাগটিয়া, গড়ঘটিয়া, ঘাগড়া, বিন্নাকুলি, মোদেরগাঁওসহ ১৫-২০টি গ্রাম নদী ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় একদল লোক এসব বালু-পাথর শ্রমিকদের কাছে বিক্রি করেন। পরে ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ থেকে কিনে নেন। বালু-পাথর উত্তোলন ও ক্রয়, দুটিই নিয়ন্ত্রণ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় লোকজন। ছরারপাড় এলাকায় নদীর পাড় কাটার ছবি তুলতে গেলে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন। তিনি নদীর পাড়ের এসব বালু-পাথর বিক্রয়কারীদের একজন। জামাল উদ্দিন প্রথমে নদীর তীর কেটে বালু-পাথর বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে আবার বলেন, ‘এখানে অবশ্য সরকারি জমির পাশাপাশি ব্যক্তিমালিকানা জমিও আছে। আমি আমার জমি থেকে বিক্রি করছি।’ নদীর পাড় কাটা বন্ধে গত মাসে স্থানীয় ঘাগটিয়া গ্রামের মজিবুর রহমান ও লাউড়েরগড় গ্রামের মিয়াদর আলী ইউএনওর কাছে লিখিত দিয়েছেন। মজিবুর রহমান বলেন, ‘যারা নদীর পাড় কেটে বালু-পাথর বিক্রি করছেন, তাঁরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বাদাঘাট ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিনের লোক। নিজাম উদ্দিন সাংসদের লোক হওয়ায় কেউ কিছু বলতে পারে না।’ ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিএনপির আমলে এখানে নদীর পাড় কাটা হয়েছে বেশি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি এসব বন্ধে উদ্যোগ নিয়েছেন। তার পরও যাদের ক্ষমতা আছে তারা দিনে এবং যারা নিরীহ তারা রাতে চুরি করে নদীর পাড় কেটে বালু বিক্রি করে। তিনি বলেন, ‘আমি কোনো দিন বালু-পাথরের ব্যবসা করিনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরাই সমঞ্চানহানির জন্য এটা বলছে। আমরা দোষ একটাই, আমি সাংসদ সাহেবের (আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন) ঘনিষ্ঠ লোক।’ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার বলেন, ‘যাদুকাটা নদীতে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনের বিষয়টি আমাদের জানা আছে। শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তাহিরপুরের ইউএনও মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি একবার গিয়ে ওদের তুলে দিয়েছি। এখন আবার শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এর বেশি কিছু বলতে পারব না।’