যাদের উন্নয়ন পছন্দ নয়, তারাই গন্ডগোল করছে : রিয়াজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রিয়াজুল হক
কাজী রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর তিন বেলা না খেয়ে থাকে, এমন লোক গ্রামেও পাওয়া যাবে না। দেশের উন্নয়ন যাদের পছন্দ হচ্ছে না, তারাই এখন গন্ডগোল করছে।
আজ সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেছেন, বঙ্গবন্ধু কুদরত-ই-খুদাকে দিয়ে বিজ্ঞানমনস্ক শিক্ষা কমিশন গড়েছিলেন। তাঁর আদর্শ মেনে চললে আজকের সমাজের যে অবক্ষয় তা দূর হবে। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা হবে না। নিজের পরিচয় জানা যাবে না। তাঁকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তরুণদের প্রতি আমি আহ্বান নিজেকে, পরিবারকে ও দেশকে বিপদের মধ্যে ফেলবেন না।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, আমি কমিউনিস্ট না, কিন্তু আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, সমতায় বিশ্বাস করি। তিনি ছিলেন সবচেয়ে বেশি মানবতাবাদী।’
প্রধান বক্তা সাবেক মন্ত্রী আবু সাইয়িদ বলেন, যখন মানুষের মধ্যে কোনো স্বপ্ন থাকে না, মানুষের মনোজগতে শূন্যতা বিরাজ করে, তখনই মানুষ জঙ্গিবাদের দিকে যায়। এর বিরুদ্ধে আদর্শগত লড়াই করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনার পথে হাঁটলে সমাজের জঙ্গিবাদী সংকট দূর হবে। তিনি বলেন, ‘ছয় দফা ঘোষণা নিয়ে বঙ্গবন্ধুর জীবন যাওয়ার ঝুঁকি ছিল, কিন্তু তিনি বলছিলেন, দুঃখী মানুষের মুক্তির লক্ষ্যে কাউকে না কাউকে তো ঝুঁকি নিতে হবে। বঙ্গবন্ধু রাজনীতির মাঠে যেমন ছিলেন, তেমন ছিলেন জ্ঞানে ও বুদ্ধিতে। তিনি ছিলেন একজন পরিশুদ্ধ মানুষ।’
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, সদস্য অধ্যাপক সাইফুল মজিদ, আলী আজম, বিবিএর শেষ বর্ষের শিক্ষার্থী এ এইচ এম মুক্তাদির মওলা প্রমুখ বক্তব্য দেন।