যাদের কেউ নেই তাদের পাশেই মানবাধিকার কমিশন: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানেই কমিশন কথা বলেছে। যাদের কেউ নেই, কারও রক্তচক্ষুকে ভয় না করেই কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে।

আজ রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। আইন অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান বলেন, ‘দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানেই আমরা কথা বলেছি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছি। তার পরও আমাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আমরা কখনো অজুহাত দাঁড় করাই না। আমরা শুধু তাদের জন্য আছি, যাদের কেউ নেই। যার কোথাও যাওয়ার জায়গা নেই, তার জন্যই আছি আমরা। এ ক্ষেত্রে আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে রয়েছে এগিয়ে যাওয়া বনাম পশ্চাত্পদতা, ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মব্যবসা, উদারতা বনাম সংকীর্ণতা, সংখ্যালঘুদের নির্যাতন বনাম মানবাধিকার আর মুক্তিযুদ্ধ বনাম যুদ্ধাপরাধের বাংলাদেশ। আমাদেরই বেছে নিতে হবে আমরা আগামীতে কোনটা চাই।’

মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য এখনো পূরণ হয়নি। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো পারিনি জনগণের অধিকার নিশ্চিত করতে। আমরা পারিনি সকলের মানবাধিকার নিশ্চিত করতে। আর এ অধিকার নিশ্চিত করার জন্যই গঠিত হয়েছে আজকের মানবাধিকার কমিশন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন বিশ্বজিত্ চন্দ। এ ছাড়াও বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি এম আহসান কবির, আসমা সিদ্দীকা প্রমুখ।