যাদের নাম আসবে তাদের বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনায় যাদের নাম বেরিয়ে আসবে, চলমান আইন অনুযায়ী তাদের বিচার হবে৷ গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন৷
সাত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম এসেছে, তাদের বিচার হবে কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘তদন্তে যাদের নামই বেরিয়ে আসুক, চলমান আইন অনুযায়ী তাদের বিচার করা হবে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷’ তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন আছে৷ সুতরাং অপরাধীদের আইনের মুখোমুখি হতেই হবে৷ এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আইনের মুখোমুখি করতে সরকার সচেষ্ট ছিল, আছে এবং থাকবে৷ পত্রপত্রিকার খবর দেখে কে কার ভাতিজা, কে কার ছেলে, কে কার খালা, তা বলা যায় না৷ আমাদের পক্ষে অনুমান সম্ভব না৷’
গুম-খুনের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘গুম বলে কোনো শব্দ নেই৷ শব্দটি হবে নিখোঁজ৷ বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে৷ আগে গুম শব্দটা ছিল না৷’ তিনি আরও বলেন, ‘গুম সারা পৃথিবীতেই হয়৷ মানুষ নিখোঁজ হয় সারা পৃথিবীতে৷ এত বড় প্লেন (মালয়েশিয়ার নিখোঁজ বিমান) আড়াই শ যাত্রী নিয়ে এত দিন ধরে নিখোঁজ৷ এ দেশে মানুষ নিখোঁজ হয়, তাদের সন্ধানও পাওয়া যায়৷ বাংলাদেশ কোনো ব্যতিক্রমী দেশ না৷ এখানেও অপরাধ ঘটে৷ অপরাধের তদন্ত করা হয়, আসামিদের শনাক্ত করা হয় এবং আদালতের রায় বাস্তবায়ন করা হয়৷’
অপর এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘যেহেতু এটা (নারায়ণগঞ্জের ঘটনা) একটা বিচারাধীন বিষয়, তাই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা সম্ভব না৷ সাধারণ মানুষ হলে টক শো বা অন্যান্য জায়গায় কথা বলা যেত৷ আমাদের অনেক দায়িত্ব নিতে হয়৷’