যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের রেখেই সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন পুলিশের হাতে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার গঠিত এই কমিটিতে পুলিশ বাহিনীরই দুই কর্মকর্তাকেও রাখা হয়েছে।
২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন সাংবাদিকদের অনেকে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের হাতে নির্যাতনের শিকার হন। পুলিশের সদস্যরা কয়েকজন সাংবাদিককে বিধিবহির্ভূতভাবে তাঁদের দায়িত্ব পালনে বাধা দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ঘটনা তদন্তে কমিটির আহ্বায়ক ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, সদস্যসচিব ইসি সচিবালয়ের একজন উপসচিব। চট্টগ্রাম সিটির জন্য আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে। সদস্য ও সদস্যসচিব করা হয়েছে যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও ইসি সচিবালয়ের একজন উপসচিবকে।
তদন্ত কমিটি গঠন-সম্পর্কিত কমিশন সচিবালয়ের নথিতে বলা হয়েছে, ভোট গ্রহণের দিন ঢাকা ও চট্টগ্রামের কোনো কোনো ভোটকেন্দ্রে অনুমোদিত সাংবাদিকদের ঢুকতে না দেওয়া এবং কয়েকজন সাংবাদিককে নাজেহাল করার প্রতিবেদন বিভিন্ন দৈনিক ও টেলিভিশনে প্রচারিত হয়। প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
কমিটিতে পুলিশের কর্মকর্তাকে রাখার বিষয়ে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেহেতু তদন্তকাজ, তাই বিশেষজ্ঞ হিসেবে একজন করে পুলিশ কর্মকর্তাকে রাখা হয়েছে। এতে তদন্তকাজ প্রভাবিত হবে বলে মনে হয় না।’ তাহলে সাংবাদিকদের কেন রাখা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিটি সাংবাদিকদের ডাকবে। সেখানে তাঁরা বক্তব্য তুলে ধরতে পারবেন।’
তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি ঘটনা উদ্ঘাটন, কতগুলো কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছিল, ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সুপারিশ করবে।
নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ ও সরকার-সমর্থকদের হাতে অন্তত আটজন সাংবাদিক হামলার শিকার হন এবং ১৫ জনকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। প্রথম আলোর অন্তত আটজন সাংবাদিক হামলা ও পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হন। হামলার শিকার হন ডেইলি স্টার-এর সাংবাদিক পরিমল পালমা ও মাহবুবুর রহমান খান, যুগান্তর-এর ওবায়েদ অংশুমান, পূর্বকোণ-এর ফটো সাংবাদিক আলতাব মিয়া, ৭১ টেলিভিশনের আজাদ তালুকদার, আরটিভির পারভেজুর রহমানসহ আরও কয়েকজন। পুলিশ ও সরকারি দল-সমর্থিত প্রার্থীর কর্মীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুর করেন।
সমকাল-এর সাংবাদিক শরিফুল ইসলাম ও মানবকণ্ঠ-এর মামুন হোসেনকে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র ছাড়তে বাধ্য করা হয়। দায়িত্ব পালনের সময় একটি অনলাইন পত্রিকার সাংবাদিক ইয়াসিন হাসান গুলিবিদ্ধ হন।