যাদের মুরোদ নেই, তারাই হুংকার দেয়: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে যাদের মুরোদ নেই, মূলত তারাই আন্দোলনের নামে বেশি বেশি হুংকার দেয়। বিরোধী দল তাদের নেতা-কর্মীদের চাঙা করার কৌশল হিসেবে এটি ব্যবহার করছে।’
আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে শহীদ রফিক সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারের সাড়ে চার বছর চলে গেল। বিরোধী দল মাঝেমধ্যে কঠোর আন্দোলনের হুংকার দিলেও আসলে এগুলো সবই ছিল তাদের ফাঁকা বুলি। রাজপথে তাদের কোনো কর্তৃত্বই নেই।’
যোগাযোগমন্ত্রী এ সময় মেয়াদোত্তীর্ণ হওয়া টোল প্লাজার টোল মওকুফ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটি মূলত অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার। সেখানেই টোল মওকুফের সিদ্ধান্ত হবে। তিনি জানান, এ ব্যাপারে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।