যান ও জনজটে দুর্ভোগে রংপুর নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে যানজটে আটকা থেকে দুর্ভোগে পড়তে হয়েছে রংপুর নগরবাসীকে। নগরের সিটি বাজারের সামনে থেকে জেলা পরিষদের সুপার মার্কেট হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত সকাল নয়টা থেকে ব্যস্ত হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কটি যানবাহন ও মানুষে ভরে ওঠে। নগরের বড় বড় বিপণিবিতান এই সড়কে পড়েছে। নগরের প্রধান সড়ক রাজা রামমোহন মার্কেটের সামনে থেকে পায়রা চত্বর পর্যন্ত চলছে চার লেন সড়ক প্রশস্তকরণের নির্মাণকাজ। এর ফলে সড়কে দীর্ঘ যানজট লেগেই থাকছে। এ স্থানটুকু পেরিয়ে ক্রেতাদের যেতে হয়েছে নগরের প্রধান কাঁচাবাজার এলাকা সিটি বাজারে। এদিকে রমজানের প্রথম দিনে সিটি বাজারে তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যাওয়ার পথে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

বাজার করতে এসে নগরের ধাপ এলাকার জয়নাল মিয়া বলেন, ‘রোজার প্রথম দিনেই যদি এমন দুর্ভোগে পড়তে হয়, তাহলে বাকি দিনগুলোর অবস্থা কী হবে?’ রিকশাচালক সোহেল মিয়া সকালে একবার নগরের জাহাজ কোম্পানি মোড়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে তেমন একটা রোজগারপাতি হয়নি তাঁর। তিনি জানান, এমন অবস্থা থাকলে শহরে রিকশা না চালিয়ে পাড়া-মহল্লার মধ্যে চালাবেন।সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে প্রায় ৫০ হাজার রিকশা ও ব্যাটারিচালিত আটোরিকশা আছে। লাইসেন্স ছাড়াও রয়েছে অনেক। সেই সঙ্গে আশপাশের উপজেলা থেকে আসা রিকশা ও অটোরিকশাও প্রবেশ করে নগরে।প্যানেল মেয়র গোলাম কবির বলেন, এমনিতেই সড়কে কাজ চলছে। তার ওপর নগরের প্রধান বিপণিবিতানগুলোতে যেতে প্রধান সড়ক হলো একটিই। এর ফলে নগরবাসী দুর্ভোগের মধ্যে পড়েছে।