যান চলবে, নৌযান চলবে না

নৌযান চলাচলের উপযোগী সেতুর দাবিতে আজ বৃহস্পতিবার ঝিকরগাছায় সেতুর পাশে সমাবেশের ডাক দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন।

পানির স্তর থেকে সেতুর উচ্চতা কম রেখে নির্মাণ করা হয়েছে সেতুটি। তাই নৌযান চলাচলের কোনো উপায় নেই। গত ১৩ আগস্ট যশোরের ঝিকরগাছায় বাজারসংলগ্ন কপোতাক্ষ নদেছবি: এহসান-উদ-দৌলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর পুরোনো সেতুটি ভেঙে সেখানে ছয় লেনের সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর এক পাশের নির্মাণকাজ শেষ হয়েছে। অপর পাশের কাজ চলছে। এলাকাবাসী বলছেন, পানি থেকে সেতুর উচ্চতা খুব কম। এর নিচ দিয়ে নদে নৌযান চলাচল করতে পারবে না।

নৌযান চলাচলের উপযোগী সেতুর দাবিতে আজ বৃহস্পতিবার ঝিকরগাছায় সেতুর পাশে সমাবেশের ডাক দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন। সেতুটি ঝিকরগাছা শহরের পশ্চিম প্রান্তে। এর পূর্বপাশে ঝিকরগাছা বাজার। পশ্চিমপাশে ঝিকরগাছা থানা ও গরুর হাট। কপোতাক্ষ নদের এই অংশে নৌযান চলাচল করে না। তবে গত দুই মাস ধরে নদে খনন কাজ শুরু হয়েছে। খনন শেষ হলে নদে আবার নৌযান চলাচল করবে বলে মনে করছেন এলাকাবাসী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, অভ্যন্তরীণ জলপথ ও তীর ভূমিতে স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০১০ অনুযায়ী, দেশে চার শ্রেণির জলপথ রয়েছে। কপোতাক্ষ নদ তৃতীয় শ্রেণির জলপথের আওতাভুক্ত। তৃতীয় শ্রেণির জলপথে নদ-নদীর ওপর নির্মিত সেতুর উচ্চতা হবে পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ২৫ ফুট। কিন্তু কপোতাক্ষ নদের ওপর নির্মিত সেতুর উচ্চতা পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ১৫ ফুট ৩ ইঞ্চি। তবে গত ১১ আগস্ট কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সংবাদ সম্মেলন করে বলেছিল, সেতুটির উচ্চতা পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ৯ ফুট।

ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (বাংলাদেশ) অধীনে ছয় লেনের সেতুটি নির্মিত হচ্ছে। এতে অর্থায়ন করছে জাপানি সাহায্য সংস্থা জাইকা। এর পরামর্শক নিয়োগ ও নকশা জাইকারই করা বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৭২ কোটি ৩৬ লাখ টাকা। নদের দুই পাড়ে ৯২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ঢাকার যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো-ডিএনকো সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করছে। ২০১৯ সালের ১ জুলাই কাজ শুরু হয়েছে এবং ২০২২ সালের ৩১ মে কাজ শেষ হবে।

১২০ মিটার দীর্ঘ সেতুটির এক পাশের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই পাশে আছে তিন লেন। এর দক্ষিণে এক মিটার ফাঁকা রেখে সেতুর আরেক পাশ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটিও তিন লেন হবে। সেতুর দুটি পাশ দিয়ে দুই মুখী যান চলাচল করবে বলে উপপ্রকল্প ব্যবস্থাপক সৈয়দ গিয়াস উদ্দিন জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ, খুলনার পশ্চিম বদ্বীপ শাখার যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) আশরাফ হোসেন বলেন, নদ-নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ঝিকরগাছায় সেতু নির্মাণের ক্ষেত্রে তা নেওয়া হয়নি। সেতুর উচ্চতা কম হওয়ায় নদে ছোট ও মাঝারি আকারের নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে।

ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (বাংলাদেশ) প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুসরণ করে সেতুটির প্রথম অংশের নির্মাণকাজ করা হয়েছে। দ্বিতীয় অংশের নির্মাণকাজও শুরু হয়েছে। এ ক্ষেত্রে ছাড়পত্র নেওয়ার দরকার হয়নি। তিনি বলেন, নতুন সেতুটির উচ্চতা পুরোনো সেতুটির চেয়ে বেশি। সেতুটি আরও পাঁচ ফুট উঁচু করা যেত। তাতে আরও বেশি জায়গা লাগত। এতে পাশের দোকানপাট নিচে পড়ে যেত। ঝিকরগাছার পুরো বাজার উচ্ছেদ হয়ে যেত।

কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস বলেন, নীতিমালা লঙ্ঘন করে ‍নিচু সেতু নির্মাণ করা হচ্ছে। এতে সেতুর নিচ দিয়ে নদে কোনো নৌযান চলাচল করতে পারবে না। নৌযান চলাচলের উপযোগী সেতুর দাবিতে কাল (বৃহস্পতিবার) সেতুর পাশে সমাবেশ করা হবে। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।