যান চলাচল বন্ধ আট দিন
নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে একটি বেইলি সেতু ধসে পড়ায় গত আট দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মালবোঝাই একটি ট্রাক সড়কের দয়ালবাড়ি এলাকার বেইলি সেতুটি নিয়ে ধসে পড়ে। গভীর রাতে জারিয়া থেকে ছেড়ে আসা দুর্গাপুরগামী ৫০ টনেরও বেশি মালবোঝাই দুটি ট্রাক দয়ালবাড়ি সেতুটি পার হচ্ছিল। একটি ট্রাক সেতুটি পার হতে পারলেও অন্যটি পার হওয়ার সময় সেতুটি বিকট শব্দে ধসে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সওজের জারিয়া শাখার উপসহকারী প্রকৌশলী গোলাম মহিউদ্দিন জানান, ধসে পড়া সেতুটি মেরামতের অনুপযোগী হয়ে পড়েছে। তাই জরুরিভিত্তিতে ওই স্থানে নতুন একটি সেতু স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত মালবোঝাই করে ট্রাক চলাচলের কারণে এর আগে জেলার আরও চারটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ধসে পড়ে। শিগগির দয়ালবাড়ি বেইলি সেতুটি পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।