হরতাল-অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার, পাহাড়তলী ও চৌমুহনীর কর্ণফুলী বাজারে সরেজমিনে পেঁয়াজের এ সংকটের চিত্র ধরা পড়ে। এসব বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকা কেজি দরে। তবে এলাকাভেদে নগরের কোথাও কোথাও আবার তা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে গত সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত আমদানি করা পেঁয়াজ পরিবহন বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজবাহী গাড়িগুলো সীমান্ত থেকে যাত্রা শুরু করে, যা পথে আটকা পড়েছিল। সেগুলো খাতুনগঞ্জে এলেই সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সকালের দিকে মিরসরাই এলাকায় গাড়িচাপায় একজন ছাত্র নিহত হওয়ায় এ সময় পণ্যবাহী কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। এর মধ্যে পেঁয়াজ, ফল ও সবজিবাহী গাড়ি ছিল। সন্ধ্যা নাগাদ আমরা সবগুলো গাড়ি নিরাপদে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এতে চট্টগ্রাম অঞ্চলে পেঁয়াজের সংকট কেটে যাবে।’
খাতুনগঞ্জের পাইকারি বাজারের ব্যবসায়ী নূর হোসেন বলেন, ‘হরতাল-অবরোধের কারণে গাড়ি আসতে না পারায় সরবরাহ কমে গেছে। তাই পেঁয়াজের দাম বেড়ে গেছে। গাড়িগুলো চলে এলে আবার দাম স্বাভাবিক হয়ে যাবে।’ গতকাল পাহাড়তলী বাজারের বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকটি দোকানে চীনা এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ ছাড়া দুই-একটি দোকানে ভারতীয় পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে ১২০ টাকা কেজি দরে। রিয়াজউদ্দিন বাজারে আমজাদ হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘পেঁয়াজের সংকটের কারণে এক লাফে ৪০-৪৫ টাকা থেকে ১৩৫ টাকা হওয়ার কোনো যুক্তি নেই। এটা ব্যবসায়ীদের কারসাজি।’
পাহাড়তলী বাজারের ব্যবসায়ী জালাল আহমেদ বলেন, ‘পেঁয়াজের সরবরাহ কম। সীমান্ত থেকে ভারতীয় পেঁয়াজ আসতে পারছে না হরতাল-অবরোধের কারণে। পথে আটকা পড়েছে। তাই দাম বাড়তি।’ চাক্তাই শাহ আমানত ট্রেডার্সের মো. গিয়াসউদ্দিন বলেন, ‘বাজারে পেঁয়াজের সংকটের কারণেই খুচরা দোকানে বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। এটা সাময়িক ব্যাপার, সরবরাহ বেড়ে গেলে দাম আবার সবার হাতের নাগালে চলে আসবে।’