
বগুড়ার সান্তাহার-জয়পুরহাট সড়কের সান্তাহার থেকে তিলকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। এ কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
প্রায় তিন বছর আগে সান্তাহার বাইপাস সড়কের চারমাথা থেকে জয়পুরহাটের তিলকপুর পর্যন্ত রাস্তাটি সংস্কার করে আদমদীঘি উপজেলার স্থানীয় সরকারপ্রকৌশল বিভাগ। ইতিমধ্যে রাস্তাটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি জয়পুরহাট থেকে তিলকপুর বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে। কিন্তু আদমদীঘি উপজেলা অংশের প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার না করায় যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাগবাড়ী গ্রামের দক্ষিণ পাশে ফিরোজা স্কুলের পাশে এবং মৌ অ্যাগ্রো অটোমেটিক রাইস মিলের কাছে সড়কের বেশির ভাগ অংশের ইট ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে।
ফিরোজা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান। আদমদীঘি মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত সান্তাহার-তিলকপুর সড়ক দিয়ে সান্তাহার-জয়পুরহাট পথের বাসসহ অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তা নষ্ট হওয়ায় ওই সড়কে চালকেরা ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন। ইতিমধ্যে ওই সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। মাসুদ চৌধুরী আরও বলেন, হিলি স্থল বন্দর দিয়ে নওগাঁর ব্যবসায়ীরা ভারত থেকে এই পথ দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন করেন। ঝুঁকিপূর্ণ রাস্তা হওয়ায় ব্যবসায়ীদের বেশি টাকা খরচ করে বেশি পথ ঘুরে মালামাল আনতে হচ্ছে। অটোরিকশাচালক খায়রুল ইসলাম বলেন, দিনে কষ্ট করে ওই পথ দিয়ে অটোরিকশা চলালেও রাতে চালানো যায় না। এতে করে চালক ও যাত্রী দুই পক্ষকেই বিপাকে পড়তে হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোত্তাকিন তালুকদার বলেন, নষ্ট হয়ে যাওয়া রাস্তার বেশির ভাগ অংশ তাঁর ইউনিয়নে পড়েছে। তিনি বলেন, এই এলাকায় প্রচুর পরিমাণ শাকসবজি উৎপন্ন হয়। উৎপাদিত পণ্য সান্তাহার শহর হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। কিন্তু রাস্তা নষ্ট হওয়ায় মানুষের চলাচলের সঙ্গে এসব পণ্য পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়টি উপজেলা সমন্বয় কমিটিতে আলোচনা করা হয়েছে।
আদমদীঘি উপজেলা প্রকৌশলী আবদুল মতিন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই আবার সংস্কার করা হবে।