যান চলাচলে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন অধিশাখা।

১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশ এর ৮৮ ধারা অনুযায়ী, ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ​, গ্যাস, ডাক, ​টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

উপসচিব মো. কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই যানবাহনগুলোর চলাচলের ওপর উপযুক্ত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বহাল এবং জনগণের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তথ্য মন্ত্রণালয় ও প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা সম্পর্কে প্রচারের ব্যবস্থা নেবে।