যান চলাচলে বাধা, চরম দুর্ভোগ পথে পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহন গতকাল সোমবার ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে হিউম্যান হলার, অটোরিকশা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় আসার চেষ্টা করলেও কাগজপত্র তল্লাশির নামে পুলিশ তাদের আটকে দেয়।বিএনপির নেতাদের অভিযোগ, ঢাকার গণসমাবেশে লোক সমাগম বাধাগ্রস্ত করতে সরকার যানবাহন চলতে দেয়নি।তল্লাশির নামে বাধা, মহাসড়কে যানজট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকালে কালিয়াকৈর পরিবহনের একটি বাসের চাকা খুলে বিকল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থানা ও গোড়াই হাইওয়ে পুলিশ সেখানে থাকলেও বিকল বাসটি সরানোর চেষ্টা করেনি। উল্টো ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ রাখে তারা এবং কোনো কারণ ছাড়াই যানবাহনের কাগজপত্র তল্লাশি শুরু করে। এ সময়ে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হক স্পেশাল নামের একটি বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৪৫০৪) ঢাকার দিকে জোর করে যেতে চাইলে আনসার সদস্য নুরুল ইসলাম লাঠি দিয়ে বাসের কাচ ভাঙচুর করেন।সরেজমিনে দেখা গেছে, দুপুর দুইটার পর থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে যানবাহন আটকে রাখে পুলিশ। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, যানবাহন আটকে রাখা হচ্ছে না। অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।এদিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয় পুলিশ। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে ঢাকাগামী প্রায় সব বাস বন্ধ ছিল। অল্পসংখ্যক বাস কাপাসিয়া ও ময়মনসিংহ থেকে ছেড়ে এলেও চান্দনা চৌরাস্তায় যাত্রী নামিয়ে ফিরে যেতে দেখা গেছে। গত রোববার রাত সাড়ে আটটা থেকে গাজীপুরের টঙ্গী বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত অন্তত আটটি স্থানে ঢাকাগামী যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব ও পুলিশ। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার, বিরুলিয়া খেয়াঘাট, কাউন্দিয়া খেয়াঘাটসহ আশুলিয়ার বাইপাইল ও বেড়িবাঁধ এলাকায় ভোর থেকে যানবাহনে তল্লাশির নামে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয় পুলিশ। তল্লাশির কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস গতকাল সারা দিন চলেনি। ভোর থেকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা ছিল ঢাকাগামী সব বাস। বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হয়। এতে ট্রেনে ছিল উপচে পড়া ভিড়।এদিকে রোববার রাতে ঢাকা-নবাবগঞ্জ ও দোহার পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মুন্সিগঞ্জ থেকেও গতকাল দিনভর ঢাকায় কোনো বাস আসেনি। তবে সন্ধ্যা ছয়টার পর বাস চলাচল শুরু হয়। ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা, চুনকুটিয়া চৌরাস্তা, খোলামোড়া, হাসনাবাদ এলাকায় গতকাল ভোর থেকে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যানবাহন আটকে যাত্রীদের নামিয়ে দেন। লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ: সকাল থেকে মাদারীপুরের কাওরাকান্দি-মুন্সিগঞ্জের মাওয়া নৌপথে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল ছিল বন্ধ। গুটিকয়েক ফেরি চললেও তা দীর্ঘ সময় পর পর ছাড়া হচ্ছিল। এতে কাওরাকান্দি ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই অবস্থা ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। কাওরাকান্দি ঘাটের লঞ্চমালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, ‘ওপরের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’ বুড়িগঙ্গায় শ্রমিক লীগের বাধা: সকাল থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে খোলামোড়া পর্যন্ত বুড়িগঙ্গা নদীর শতাধিক খেয়াঘাটে নৌকা চলাচলে বাধা দেন আওয়ামী লীগ-সমর্থিত ঘাট শ্রমিক লীগের নেতা-কর্মীরা। অনেকে নৌকা নিয়ে বের হলে তাঁরা লাঠিসোঁটা নিয়ে যাত্রী ও মাঝিদের মারধর করেন। সদরঘাট টার্মিনালে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বলেন, ‘নৌঘাট শ্রমিকদের কোনো কাজ না থাকায় তারা এমনিতে নদীতে ঘুরে বেড়ায়। নদী দিয়ে ঢাকাগামী লোকদের বাধা দেওয়া হয়নি।’গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর পরীক্ষা ছিল। বাস না চলাতে যেতে পারেননি তিনি।বিএনপির অভিযোগ: মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খান বলেন, ঢাকায় বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের যোগদান বাধাগ্রস্ত করতে সরকারদলীয় নেতা-কর্মীরা বাসমালিকদের রাস্তায় গাড়ি না নামাতে হুমকি দেন। এ জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়।পরিবহননেতার দাবি: মানিকগঞ্জ জেলা বাসমালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন বলেন, ‘বাসমালিকেরা স্বেচ্ছায় রাস্তায় গাড়ি নামাননি। বাস চলাচল বন্ধ রাখার জন্য কোনো ঘোষণাও দেওয়া হয়নি।’[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর প্রতিনিধি এবং টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা]