যান চলাচলে বাধা, পথে পথে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহন গতকাল সোমবার ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে হিউম্যান হলার, অটোরিকশা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় আসার চেষ্টা করলেও কাগজপত্র তল্লাশির নামে পুলিশ তাদের আটকে দেয়।বিএনপির নেতাদের অভিযোগ, ঢাকার গণসমাবেশে লোক সমাগম বাধাগ্রস্ত করতে সরকার যানবাহন চলতে দেয়নি।তল্লাশির নামে বাধা, মহাসড়কে যানজট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকালে কালিয়াকৈর পরিবহনের একটি বাসের চাকা খুলে বিকল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থানা ও গোড়াই হাইওয়ে পুলিশ সেখানে থাকলেও বিকল বাসটি সরানোর চেষ্টা করেনি। উল্টো ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ রাখে তারা এবং কোনো কারণ ছাড়াই যানবাহনের কাগজপত্র তল্লাশি শুরু করে। এ সময়ে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হক স্পেশাল নামের একটি বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৪৫০৪) ঢাকার দিকে জোর করে যেতে চাইলে আনসার সদস্য নুরুল ইসলাম লাঠি দিয়ে বাসের কাচ ভাঙচুর করেন। এতে বাসে থাকা এক শিশুর কপাল ও শরীর কেটে যায়। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, দুপুর দুইটার পর থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে যানবাহন আটকে রাখে পুলিশ। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, যানবাহন আটকে রাখা হচ্ছে না। অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।এদিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয় পুলিশ। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে ঢাকাগামী প্রায় সব বাস বন্ধ ছিল। অল্পসংখ্যক বাস কাপাসিয়া ও ময়মনসিংহ থেকে ছেড়ে এলেও চান্দনা চৌরাস্তায় যাত্রী নামিয়ে ফিরে যেতে দেখা গেছে। গত রোববার রাত সাড়ে আটটা থেকে গাজীপুরের টঙ্গী বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত অন্তত আটটি স্থানে ঢাকাগামী যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব ও পুলিশ। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার, বিরুলিয়া খেয়াঘাট, কাউন্দিয়া খেয়াঘাটসহ আশুলিয়ার বাইপাইল ও বেড়িবাঁধ এলাকায় ভোর থেকে যানবাহনে তল্লাশির নামে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয় পুলিশ। তল্লাশির কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জ থেকে ঢাকাগামী শুভযাত্রা, ভিলেজ লাইন, পদ্মা লাইন, যাত্রীসেবা, পল্লীসেবা ও নবীনবরণ পরিবহনের বাস গতকাল সারা দিন চলেনি। জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে বাস চলাচল ছিল সীমিত। ভোর থেকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা ছিল ঢাকাগামী সব বাস। বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হয়। এতে ট্রেনে ছিল উপচে পড়া ভিড়।এদিকে রোববার রাত থেকে ঢাকা-নবাবগঞ্জ ও দোহার পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মুন্সিগঞ্জ থেকেও গতকাল দিনভর ঢাকায় কোনো বাস আসেনি। তবে সন্ধ্যা ছয়টার পর বাস চলাচল শুরু হয়। ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা, চুনকুটিয়া চৌরাস্তা, খোলামোড়া, হাসনাবাদ এলাকায় গতকাল ভোর থেকে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যানবাহন আটকে যাত্রীদের নামিয়ে দেন। লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ: সকাল থেকে মাদারীপুরের কাওরাকান্দি-মুন্সিগঞ্জের মাওয়া নৌপথে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল ছিল বন্ধ। গুটিকয়েক ফেরি চললেও তা দীর্ঘ সময় পর পর ছাড়া হচ্ছিল। এতে কাওরাকান্দি ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই অবস্থা ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।কাওরাকান্দি ঘাটের লঞ্চমালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, ‘ওপরের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’ বুড়িগঙ্গায় শ্রমিক লীগের বাধা: সকাল থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে খোলামোড়া পর্যন্ত বুড়িগঙ্গা নদীর শতাধিক খেয়াঘাটে নৌকা চলাচলে বাধা দেন আওয়ামী লীগ-সমর্থিত ঘাট শ্রমিক লীগের নেতা-কর্মীরা। অনেকে নৌকা নিয়ে বের হলে তাঁরা লাঠিসোঁটা নিয়ে যাত্রী ও মাঝিদের মারধর করেন। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা এমভি আঁচল লঞ্চের যাত্রী মিজান হাওলাদার জানান, সকাল পৌনে আটটার দিকে তাঁদের লঞ্চ সদরঘাট টার্মিনালে ভিড়তে গেলে লাল পোশাকধারী (ঘাট শ্রমিক লীগ) শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে লঞ্চ ভেড়াতে বাধা দেন। লঞ্চ কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের অন্য ঘাটে নামায়। এ ব্যাপারে সদরঘাট টার্মিনালে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বলেন, ‘নৌঘাট শ্রমিকদের কোনো কাজ না থাকায় তারা এমনিতে নদীতে ঘুরে বেড়ায়। নদী দিয়ে ঢাকাগামী লোকদের বাধা দেওয়া হয়নি।’দুর্ভোগ: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর পরীক্ষা ছিল। বাস না চলাতে যেতে পারেননি তিনি।মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ঘাটে গতকাল দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন পটুয়াখালীর সুফিয়া বেগম। তিনি বলেন, ‘আমার বাবা মুমূর্ষু অবস্থায় ঢাকার হাসপাতালে। তাঁকে দেখতে যাব। সকাল থেকে ঘাটে বসে আছি। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ। প্রায় এক ঘণ্টা পর পর ফেরি ছাড়ছে। তখন সবাই হুমড়ি খেয়ে ফেরিতে উঠছে। আমি কয়েকবার চেষ্টা করে পায়ে আঘাত পেয়ে বসে আছি।’ রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরি পারপারের অপেক্ষায় থাকা যশোর থেকে আসা ট্রাকচালক মো. আলাউদ্দিন বলেন, ‘হুনছি, বিএনপির জনসভা। সরকারের মাথাব্যথা শুরু হইছে কাইল (রোববার) থেইকা। তাই ফেরি বন্ধ কইরা দিতে শুরু করছে।’ বিএনপি নেতাদের অভিযোগ: মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খান বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের যোগদান বাধাগ্রস্ত করতে সরকারদলীয় নেতা-কর্মীরা বাসমালিকদের রাস্তায় গাড়ি নামাতে হুমকি দেন। এ জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়।’একই রকম অভিযোগ করেন নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। তিনি বলেন, সরকার ভোর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাস চলাচল বন্ধ করে দিলেও বিএনপির নেতা-কর্মীরা বিকল্প উপায়ে ঢাকায় সমাবেশে যান।পরিবহন-নেতাদের দাবি: মানিকগঞ্জ জেলা বাসমালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন বলেন, ‘বাসমালিকেরা স্বেচ্ছায় রাস্তায় গাড়ি নামাননি। বাস চলাচল বন্ধ রাখার জন্য কোনো ঘোষণাও দেওয়া হয়নি।’নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বাস-মিনিবাস, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন দাবি করেন, বাস বন্ধ রাখার ব্যাপারে মালিকপক্ষ কোনো নির্দেশ দেয়নি। ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের আশঙ্কায় বাস বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা।তবে বাস চলাচল বন্ধ রাখতে ঢাকার পরিবহন-নেতাদের চাপ রয়েছে বলে স্বীকার করেন মুক্তার।পুলিশ কর্মকর্তাদের ভাষ্য: মানিকগঞ্জের পুলিশ সুপার মোহামঞ্চদ আলী মিয়া বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, ভাঙচুরের আশঙ্কায় বাসমালিকেরা স্বেচ্ছায় রাস্তায় গাড়ি নামাননি। এতে যাত্রীসাধারণ পড়েন বিপাকে।’অন্যদিকে বাস চলাচল বন্ধের কারণ জানেনই না নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম। তিনি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, শিবচর (মাদারীপুর) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি এবং টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা]