চট্টগ্রামের বহুল আলোচিত বহদ্দারহাট উড়ালসড়ক অবশেষে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ উড়ালসড়ক খুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১২ অক্টোবর এই উড়ালসড়কের উদ্বোধন করেন। তখন হালকা যান চলাচলের জন্য এক পাশ খুলে দেওয়া হলেও পরে তা বন্ধ রাখা হয়। উড়ালসড়কে বিয়ারিং প্যাড ও এক্সপানশন জয়েন্ট স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
উড়ালসড়কের প্রকল্প কর্মকর্তা মেজর হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট উড়ালসড়ক গতকাল মঙ্গলবার বিকেল থেকে সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সম্প্রতি উড়ালসড়কে এক্সপানশন জয়েন্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। বিয়ারিং প্যাড স্থাপন ও কিছু টুকটাক কাজ বাকি রয়েছে। তবে এর জন্য যান চলাচলে কোনো সমস্যা হবে না।
আগামী ১৫ দিনের মধ্যে উড়ালসড়কের সব ধরনের সংস্কার ও নির্মাণকাজ শেষ হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অর্থায়নে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে আলোচিত এই উড়ালসড়ক নির্মিত হচ্ছে। ১ দশমিক ৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা।
নগরের শুলকবহর থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত এ উড়ালসড়ক নির্মিত হয়। ২০১০ সালের জানুয়ারি এই উড়ালসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালের ডিসেম্বরে।