যানজট, চৈত্রের খরতাপ ও ধুলায় নাকাল যাত্রীরা
চার দিনের টানা হরতালের পর গত শুক্রবার থেকে বহু যানবাহন মহাসড়কে নামায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এ যানজটে গতকাল শনিবার বিকেল পর্যন্ত নাকাল হয় হাজার হাজার মানুষ। চৈত্রের খরতাপ আর ধুলার কারণে তাদের দুর্ভোগ চরমে ওঠে।বিভিন্ন যানবাহনের যাত্রী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলাম, বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের ডাকে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে টানা হরতাল ছিল। শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। একসঙ্গে পণ্যবাহী কাভার্ড ভ্যান, লরি, ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত বাহন মহাসড়কে নেমে আসায় ওই যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া এলোপাতাড়ি যান চলাচলের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশের সুপার রেজাউল করিম গতকাল বিকেলে বলেন, মহাসড়কে শুক্রবার দল বেঁধে পিঁপড়ার মতো গাড়ি নেমেছে। চার লেনের মাটির সড়কের ওপর দিয়ে এলোমেলোভাবে গাড়ি চলায় মহাসড়কে ধুলা উড়ছে। এতে করে যান চলাচল ব্যাহত হয়েছে। শনিবার বিকেল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।