‘এটা কি মগের মুল্লুক নাকি! দেশে সরকার বলে কিচ্ছু নেই? প্রতিনিয়ত এ রুটে যানজট হচ্ছে। অথচ কারও কোনো মাথাব্যথা নেই।’ কনকনে শীতের মধ্যে সারা রাত গাড়িতে আটকে থেকে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইদুর রহমান।জানা গেল, সাইদুর গত বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। তীব্র যানজটের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছান। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটারব্যাপী এই যানজটের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘন কুয়াশাকেও এই দীর্ঘ জটের কারণ হিসেবে উল্লেখ করেন।ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে মাধাইয়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও যানবাহন বিকল হয়ে মহাসড়কের ওপর পড়ে থাকে। এরপর শুরু হয় যানজট। হাইওয়ে পুলিশ রাত আটটার দিকে গাড়ি দুটি সরিয়ে নিলেও যানজট থেকে মুক্তি মেলেনি।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, মহাসড়কের উভয় দিকে হাজার হাজার গাড়ির জট লেগে যায়। এতে মধ্যরাত পর্যন্ত যানবাহনগুলো প্রায় স্থির হয়ে দাঁড়িয়ে ছিল। ভোর থেকে ধীরগতিতে শুরু হয় গাড়ি চলাচল। ভোর পাঁচটার দিকে চান্দিনায় একটি ট্রাকের চাকা ফেটে সেটি রাস্তায় আটকা পড়লে আবারও যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর নাগাদ চলাচলে কিছুটা গতি এলেও চান্দিনার কুটুম্বপুরে যাত্রীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের উত্তেজনা ও দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে আবার চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, গতকাল দুপুর ১২টার পর ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয়। শুক্রবার (আজ) ভোর পর্যন্ত এ জটের রেশ থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।এদিকে তীব্র শীতে হাজার হাজার যাত্রী অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েন। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. মোখলেছুর রহমান বলেন, এ রুটে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার গাড়ি চলাচল করে। চার লেনে উন্নীত না হওয়া পর্যন্ত এ রুটের যানজট সমস্যার সমাধান হবে না।