যানজট এড়াতে ভার্চ্যুয়াল সভা
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে সশরীরে হাজির না হলেও চলবে। তাঁরা সচিবালয়ে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে পারবেন।
এ জন্য প্রাথমিকভাবে সচিবালয়ের প্রতিটি ভবনে অন্তত একটি করে ভিডিও কনফারেন্সিং নোডাল পয়েন্ট স্থাপন করা হবে। যানজট থেকে রক্ষা ও সময় সাশ্রয় করতেই এ উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
গত ২৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সচিব সভায় উল্লিখিত বিষয়সহ ২২টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ওই সব সিদ্ধান্ত নির্দেশনা আকারে সচিবদের কাছে পাঠাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
ওই চিঠিতে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যাতায়াতের সময় সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় কিছু সভাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চ্যুয়াল সভায় রূপান্তরের জন্য সচিবালয়ের প্রতিটি ভবনে অন্তত একটি করে ভিডিও কনফারেন্সিং নোডাল পয়েন্ট স্থাপন করতে হবে।
জানতে চাইলে দুজন সচিব বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অধিকাংশ বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশেষ করে যেসব কমিটির প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী। প্রায় প্রতি সপ্তাহেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গড়ে দু-তিনটি বৈঠক থাকে। আর এসব বৈঠকে অংশগ্রহণ করা মানেই ওই দিনের আর কোনো কাজ করা সম্ভব হয় না। অনেক সময় বাধ্য হয়ে ওই দিনের নির্ধারিত অন্য কর্মসূচি পরিবর্তন করতে হয়।