যানজট এড়াতে সকালেই সদরঘাটে!
কলেজশিক্ষক বিলকিস বেগমের বাসা রাজধানীর বারিধারায়। তাশরিফ-৪ লঞ্চে করে বরিশাল যাবেন তিনি। তাঁর লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাতটায়। কিন্তু যানজটের আশঙ্কায় দুপুর ১২টায় বাসা থেকে বের হয়ে যান তিনি। বেলা তিনটার দিকে পৌঁছান সদরঘাটে। বিলকিস বেগমের মতো আরও অনেক যাত্রী যানজটের আশঙ্কায় গতকাল মঙ্গলবার লঞ্চ ছাড়ার অনেক আগেই চলে আসেন সদরঘাটে।
গতকাল দুপুর ১২টার দিকে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, বিভিন্ন রুটের লঞ্চে যাত্রীরা বসে আছেন। বেলা তিনটার মধ্যে বেশির ভাগ লঞ্চ পরিপূর্ণ হয়ে যায়। অনেক যাত্রী বলেন, তাঁরা সকালেই টার্মিনালে চলে এসেছেন।
বরগুনাগামী সুন্দরবন-২ লঞ্চের যাত্রী মো. হেলালউদ্দিন বলেন, লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যানজট থেকে রেহাই পাওয়ার জন্য সকালে মিরপুরের বাসা থেকে রওনা দেন। সকাল ১০টার মধ্যে তিনি টার্মিনালে চলে আসেন। লঞ্চে উঠে দেখেন, ডেকে ফাঁকা জায়গা নেই। কোনোমতে ডেকে চাদর বিছিয়ে পরিবার-পরিজন নিয়ে বসে আছেন।
তাশরিফ-৪ লঞ্চের যাত্রী কলেজশিক্ষক বিলকিস বেগম বলেন, গুলিস্তান, রায় সাহেব বাজার মোড় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যানজটের কবলে পড়তে হয়েছে তাঁকে। তিনি বলেন, অন্তত ঈদের সময় গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখা উচিত।
গতকাল দুপুরের পর দক্ষিণাঞ্চলগামী কিছু লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫৩টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। লঞ্চগুলো ছিল যাত্রীতে পরিপূর্ণ।
অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (যাত্রী পরিবহন) ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন অর রশিদ বলেন, ‘আজ (গতকাল) যাত্রী উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আগামীকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে। টার্মিনালে যাত্রীদের উপস্থিতির ওপর নির্ভর করে বিশেষ সার্ভিসের ব্যবস্থা করা হবে।’
ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে যাত্রী হয়রানি রোধে সদরঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
নৌ-পুলিশের পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রী হয়রানি ও বিশৃঙ্খলা রোধে টার্মিনাল ও নদীতে তাঁদের তৎপরতা অব্যাহত আছে। তিনি আরও জানান, টার্মিনাল এলাকায় ও পন্টুনে হকার বসতে দেওয়া হয়নি। হকার ও অবৈধ দোকান উচ্ছেদে পুলিশ তৎপর।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এস এম বজলুর রশিদ বলেন, পুলিশ সদস্যরা সড়কপথ, টার্মিনাল ও পন্টুন এলাকায়
দায়িত্ব পালন করছেন। যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল দুপুরে সদরঘাট টার্মিনাল এলাকা পরিদর্শনে এসে নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান প্রথম
আলোকে বলেন, কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি বরদাশত করা হবে না।