যানজট ও ইটভাটা ঢাকা শহরের বায়ুদূষণের প্রধান কারণ। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রসংশ্লিষ্ট রোগের কারণে স্বাস্থ্য খাতে বছরে খরচ প্রায় চার হাজার কোটি টাকা।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মানববন্ধনে এ কথা বলা হয়। ‘যানবাহন, ইটের ভাটা, নির্মাণকাজ ও কারখানার ধুলা-ধোঁয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করুন! ভয়াবহ বায়ুদূষণের হাত থেকে দেশবাসীকে বাঁচান’ শিরোনামে এ মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কলামিস্ট ও বাপার নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ।সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, বায়ুদূষণের ফলে ঢাকাসহ অন্যান্য শহরের সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু বায়ুদূষণ রোধে সরকারকে এখনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।সৈয়দ আবুল মকসুদ সরকারের কাছে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষসহ বিশেষজ্ঞ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করার দাবি জানান। এ কমিটি বায়ুদূষণের কারণগুলো চিহ্নিত করবে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।মানববন্ধনে বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, পরিবেশদূষণের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন।সমাবেশে জানানো হয়, ঢাকার বাতাসে বর্তমানে প্রতি কিউবিক মিটারে এয়ারবোর্ন পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ২৫০ মাইক্রোগ্রাম, যা সহনীয় মাত্রার থেকে পাঁচ গুণ বেশি। সমাবেশে আরও বক্তব্য দেন বাপার বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ কর্মসূচির সদস্যসচিব এম সিরাজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।