যানজট ও জলাবদ্ধতা নিরসনে ৯০০ কোটি টাকা ব্যয় করবে জাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) চট্টগ্রাম মহানগরের যানজট ও জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে ৯০০ কোটি টাকা ব্যয় করবে।
ইতিমধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট ও ড্রেনেজ ম্যানেজমেন্ট প্রকল্পের ওপর সমীক্ষা শেষ করেছে জাইকা। প্রকল্পগুলো বাস্তবায়নে জাইকা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে সাক্ষাৎ করে জাইকার দলনেতা টাকিও মাটসুজাওয়া এসব কথা জানান। সূত্র জানায়, ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় রয়েছে নগরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণসহ প্রায় ৪৫ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ। ড্রেনেজ ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নগরের মহেশখাল, চাক্তাই ডাইভারসন খাল, শাখা খালসহ প্রায় ১০ কিলোমিটার খাল খনন ও সম্প্রসারণ। এ ছাড়া খালের উভয় পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রতিরোধক দেয়াল নির্মাণের কথাও রয়েছে।
সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে নগরের উপকূলীয় এলাকায় পুরোনো ২৪টি স্কুল-কলেজ ভেঙে ছয়তলাবিশিষ্ট নতুন স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়েও জাইকা নীতিগতভাবে একমত হয়েছে।