ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের প্রবেশদ্বার ভোলানগর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের একাংশ দখল করে ময়লা স্তূপ করে রাখা হচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র দুর্গন্ধ ও যানজটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।
এ ছাড়া ওই ময়লায় ভরাট হয়ে যাচ্ছে মহাসড়কের পাশের খরস্রোতা হাড়িদোয়া নদী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নরসিংদী পৌরসভার অব্যবস্থাপনার কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা গেছে, নরসিংদী জেলা পরিষদ কার্যালয় থেকে ১০০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের ১০ ফুট ভেতরে ও মহাসড়কের ফুটপাতসহ সড়কের এক পাশ দখল করে আছে আবর্জনার স্তূপ। মহাসড়কের পাশেই রয়েছে হাড়িদোয়া নদী। আর মহাসড়কের পাশে ফেলা আবর্জনা নদীতে গিয়ে পড়ছে। মহাসড়কের ভেতরে ফেলা আবর্জনার কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আবর্জনার তীব্র দুর্গন্ধে আশপাশের ৫০০ মিটার এলাকা চলাচল ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন সকালে পৌরসভার গাড়ি এসে আবর্জনা এখানে ফেলে যায়।
নরসিংদী পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ছয়টি স্থায়ী ডাস্টবিন ও কিছু অস্থায়ী জায়গা রয়েছে। ওই জায়গাগুলো থেকে ২২টি ভ্যান ও চারটি ট্রাক নিয়মিত আবর্জনা নিয়ে এসে পৌরসভার নির্দিষ্ট স্থায়ী ভাগাড়ে ফেলছে। পাশাপাশি অস্থায়ীভাবে ভেলানগর এলাকায় ওই আবর্জনা ফেলা হচ্ছে।
জানতে চাইলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সাজেদুল হক বলেন, ‘ভেলানগর এলাকায় বর্জ্য ফেলায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে আমরা বিব্রত। কিন্তু বিকল্প জায়গা না থাকায় কিছু করতে পারছি না।’
ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে আবর্জনা ফেলার ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তার বলেন, শুধু ভেলানগর নয়, পৌরসভা কর্তৃপক্ষ মহাসড়কের সাহেপ্রতাব এলাকা ও মদনগঞ্জ সড়কের শালিধা এলাকায়ও সড়কের ওপর আবর্জনা ফেলছে। এ বিষয়টি তিনি জেলা সমন্বয় কমিটির বৈঠকে বলেছেন। পৌরসভাকে লিখিতভাবে নোটিশও দিয়েছেন। জবাবে তারা আবর্জনা পরিষ্কার করে দেবে বলেছে। কিন্তু ওই পর্যন্তই।