
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের যানজট কমাতে পুলিশের ট্রাফিক বিভাগ নানা পদক্ষেপ নিলেও যানজট কমছে না। উত্তরা এলাকার যানজট কমাতে জসীমউদ্দীন, বিমানবন্দর ও খিলক্ষেত মোড়ে ইউলুপ নির্মাণ জরুরি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে নতুন পদচারী-সেতু চালু হওয়ায় এবং লোকজন সেটি ব্যবহার করায় বিমানবন্দর চত্বরে যান চলাচল কম বাধাগ্রস্ত হচ্ছে।
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা বাজতেই বিমানবন্দর চত্বরে যানজটের মাত্রা প্রকট হয়ে ওঠে, যা ছড়িয়ে পড়ে উত্তরার জসীমউদ্দীন চত্বর হয়ে হাউস বিল্ডিং পর্যন্ত। আরেক অংশের যানজট চলে যায় কাউলা এলাকা পর্যন্ত। আশকোনা হজ ক্যাম্পের সড়কেও আটকে থাকে অসংখ্য যানবাহন।
গতকাল রোববার দেখা যায়, দখলের কারণে ছোট হয়ে এসেছে আশকোনা হজ ক্যাম্পের প্রবেশমুখ। বাবুস সালাম মসজিদ মার্কেট ও বিমানবন্দর গোলচত্বর মার্কেট সংকুচিত করেছে চত্বরটির একাংশ। আর এখানেই থমকে থাকে যানবাহনগুলো। যত্রতত্র বাস থেকে যাত্রী ওঠানো-নামানোয় এখানেও যানজট লেগে থাকছে।
আবদুল্লাহপুর থেকে গাবতলী পথে চলা পল্লবী সুপার পরিবহনের একটি বাসের চালক হাসানউল্লাহ বলেন, ‘যাত্রীরা এখানে দাঁড়ান, তাই আমরাও এখানেই থামাই। সার্জেন্ট থাকলে মাঝেমধ্যে পুলিশের ঠিক করা জায়গা থেকে যাত্রী ওঠাই। তবে পুলিশ একটু দাঁড়ালেই রেকার লাগিয়ে দেয়।’
বিমানবন্দর চত্বরে যানজটের অন্যতম কারণ ছিল পথচারীদের যত্রতত্র সড়ক পারাপার। চত্বর ঘেঁষেই নতুন একটি পদচারী-সেতু নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেতুটি খুলে দেওয়ার পর থেকেই লোকজন সারি বেঁধে উঠছেন। কিছুদিন আগে বিমানবন্দর চত্বরে যানবাহনের চাপ কমাতে বিমানবন্দর থেকে বের হয়ে আসা যানবাহনগুলোকে জসীমউদ্দীন চত্বর ঘুরে খিলক্ষেতের দিকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখন বিমানবন্দর চত্বরে যানজট তুলনামূলক কমে এলেও জসীমউদ্দীন মোড়ে প্রচণ্ড যানজট লাগত। আর আশকোনা থেকে টঙ্গীমুখী যানবাহনগুলোকে বিমানবন্দর চত্বরে ঘুরতে না দিয়ে এসব যানবাহন ঘোরানোর জন্য খিলক্ষেতের কাছে সড়ক বিভাজকের অংশ তুলে ফেলা হয়েছিল। তখন এই মোড়ে দেখা দেয় প্রচণ্ড যানজট। ফলে গত বৃহস্পতিবার ট্রাফিক বিভাগ এই ব্যবস্থা থেকে সরে আবার বিমানবন্দর চত্বরে যানবাহন ঘোরানোর ব্যবস্থা করেছে। গতকাল দেখা যায়, জসীমউদ্দীন মোড় থেকে আসা যানবাহনগুলো ২৫-৩০ মিনিট দাঁড়িয়ে থেকেও বিমানবন্দর চত্বর পার হতে পারছে না। সড়কের অপর পাশে যানবাহনের দীর্ঘ সারি কাউলা এলাকার পদচারী-সেতু পার হয়ে খিলক্ষেতের দিকে চলে গেছে।
বিমানবন্দর এলাকার ট্রাফিক পরিদর্শক (টিআই) আবদুল আলীম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিমানবন্দর চত্বরে ডানে মোড় নেওয়া বন্ধ করা হয়েছিল, পরে খুলে দেওয়া হয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, জসীমউদ্দীন মোড়ে ইউলুপ হলে যানজট কমে যেত। তবে নতুন পদচারী-সেতু হওয়ায় এবং লোকজন সেটি ব্যবহার করায় যানবাহন চলাচল কম বাধাগ্রস্ত হচ্ছে।
যানজট কমাতে বিমানবন্দর, জসীমউদ্দীন মোড় ও আবদুল্লাহপুরের ট্রাফিক মোড়ে ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু নির্মাণ করার প্রকল্প নিয়েছে ডিএনসিসি।