যানজট কমাতে চলন্ত রাস্তা!
ঢাকার যানজট থেকে বাঁচতে ‘পরিবেশবান্ধব’ ও ‘অপেক্ষাকৃত’ কম খরচের চলন্ত রাস্তার ধারণা উপস্থাপন করেছেন চলচ্চিত্রনির্মাতা আবু সাইয়ীদ। গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে চলন্ত রাস্তার পদ্ধতিগত ধারণা উপস্থাপন করেন তিনি।
আবু সাইয়ীদের মতে, সড়ক বিভাজকের মাঝ বরাবর কিংবা সড়কের দুই পাশে এক থেকে তিন লেনের এই রাস্তা নির্মিত হতে পারে। এই পদ্ধতিতে দুটি সমান্তরাল লাইনের ওপর দিয়ে ছয় থেকে আট ইঞ্চি ব্যাসের চাকা চলন্ত রাস্তাকে সচল রাখবে। আড়াআড়িভাবে দুটি চাকার ৮ থেকে ১২ ইঞ্চি ওপরে একটি করে পাটাতন স্থাপিত হবে, যা যাত্রীকে বহন করে নিয়ে যাবে। প্রতি রুটের জন্য একটি করে চলন্ত রাস্তা নির্মিত হলেও এগুলো পরস্পর বিচ্ছিন্ন থাকবে। কিন্তু প্রতিটি প্ল্যাটফর্ম একটির সঙ্গে অন্যটি যুক্ত থাকবে। এক প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। চন্দ্রা, জয়দেবপুর, শনির আখড়াসহ ঢাকার ভেতরে বিভিন্ন সড়কে ৪০০ কিলোমিটার চলন্ত রাস্তা নির্মাণে ব্যয় হবে ২০ হাজার কোটি টাকার মতো।
আবু সাইয়ীদ বলেন, এই চলন্ত রাস্তা বাস্তবায়ন করা গেলে পরিবহন খাতের সার্বিক ব্যয় কমে আসবে। বাংলাদেশের কারিগরি দক্ষতাতেই এটি বাস্তবায়ন করা সম্ভব। এতে পরিবেশদূষণের হারও কম।
তবে এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘ধারণা হিসেবে এটি চমৎকার মনে হলেও ঢাকার বিদ্যমান পরিপ্রেক্ষিতে এর বাস্তবায়ন এক প্রকার অসম্ভব। এখানে অনেক পদ্ধতিগত ত্রুটিও রয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রে এই ধারণা উপস্থাপন অনুষ্ঠানে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ, বিআরটিসির সাবেক পরিচালক কে এস ফিরোজ, প্রকৌশলী জহির আহমেদ প্রমুখ।