যানজট কমাতে দূরপাল্লার গাড়ির গতিপথ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যস্ততম সড়ক ষোলশহর ২ নম্বর থেকে বহদ্দারহাট পর্যন্ত গাড়ির চাপ কমাতে দূরপাল্লার বাস ও ট্রাকের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামগামী সব ধরনের দূরপাল্লার বাস ও ট্রাক গতকাল থেকে ষোলশহর ২ নম্বর-অক্সিজেন মোড়, অনন্যা এলাকা ও কাপ্তাই সড়কের মাথা হয়ে কালুরঘাট সেতু দিয়ে চলাচল শুরু করেছে। বিশেষ করে, ঢাকা কিংবা অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা গাড়িগুলোর জন্য এ নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে পুলিশ। পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরের বহদ্দারহাট এলাকায় উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। এ কারণে ওই এলাকায় যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ নাগরিকদের দুর্ভোগও বেড়েছে। তাই যানজট সহনীয় পর্যায়ে আনতে আমরা ষোলশহর থেকে বহদ্দারহাট পর্যন্ত দূরপাল্লার সব ধরনের গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছি। বৃহস্পতিবার থেকে বিকল্প সড়ক দিয়ে গাড়িগুলো চলাচল শুরু করেছে।’পুলিশ সূত্র আরও জানায়, নগরের চান্দগাঁও বাস টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি যাত্রাপথের যাত্রীবাহী গাড়ি কর্ণফুলী তৃতীয় সেতু এলাকাসংলগ্ন অস্থায়ী টার্মিনালে স্থানান্তর করা হয়। বহদ্দারহাট এলাকায় যানজট এড়ানোর জন্য গত কোরবানি ঈদের আগেই পুলিশ এ সিদ্ধান্ত কার্যকর করে।