যানজট কমাতে পুলিশের নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। দুই দিন ধরে এ ব্যবস্থা চালু হয়েছে। এতে সেখানে যানজট কমেছে। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। দুই দিন ধরে এ ব্যবস্থা চালু হয়েছে। এতে সেখানে যানজট কমেছে। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানজটের অন্যতম কারণ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো। যত্রতত্র বাস থামানো বন্ধ করতে আলাদা বাস লেন ও বাস বের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদচারী-সেতু থাকলেও পথচারীরা দ্রুতগতির যানবাহনের সামনে দিয়েই ঝুঁকি নিয়ে পার হতেন। ফলে যানবাহনের গতি কমে যানজট আরও তীব্র হতো। পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে উৎসাহিত করতে সেতুর চারদিকের সিঁড়ি ও আশপাশের এলাকা হকারমুক্ত করেছে ডিএমপি।
গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, ডিএমপির ট্রাফিক বিভাগ মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে প্লাস্টিকের কোণের সঙ্গে দড়ি লাগিয়ে আলাদা লেন করেছে। গাবতলী-মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী বাসগুলো সেই লেনে দাঁড়িয়ে যাত্রী তুলছে। কয়েক দিন আগেও লেন না থাকায় বাসগুলো এলোপাতাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলত।
প্রজাপতি পরিবহনের একটি বাসের চালক মো. মজিদ বলেন, ‘কয়েক দিন আগে পুলিশ লাইন করছে। আগে যাত্রী তুলতে হুড়োহুড়ি করতাম। এখন লাইনে দাঁড়ায়া তুলি। মাঝেমধ্যে একটু লাইন থিকা বাইর হই।’
ডিএমপির পল্লবী জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) ফাতেমা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গাবতলী-মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী বাসগুলোর কারণে গোলচত্বরের এক পাশে যানজট লাগত। সেখানে আলাদা লেন ও বাস বে করে দেওয়ায় যানজট আগের মতো লাগছে না।’
দেখা যায়, গোলচত্বরে থাকা পদচারী-সেতুর ওঠানামার সিঁড়ি এবং সেতুর ওপরে হকারের সংখ্যা আগের তুলনায় কম। পথচারীদের চলাচল স্বাচ্ছন্দ্য করতে এবং পদচারী-সেতু ব্যবহারে উৎসাহী করতে এসব জায়গা হকারমুক্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরেও পথচারীরা ঝুঁকি নিয়ে সেতুর নিচ দিয়েই পার হচ্ছেন। হাত উঁচিয়ে, দৌড়ে, নানান কসরত করে দ্রুতগতির যানবাহনের সামনে দিয়েই তাঁরা পার হচ্ছেন।
স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে যানবাহনের সামনে দিয়েই সড়ক পার হচ্ছিলেন হালিমা আকতার। তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে উঠতে-নামতে কষ্ট হয়। ছেলে উঠতেও চায় না। সবাই যখন নিচ দিয়ে পার হয়, তখন একসঙ্গে পার হয়ে যাই।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ট্রাফিক) ফাতেমা ইসলাম বলেন, যত্রতত্র পারাপার করায় গাড়ির গতি কমে যায়। পথচারীদের যত্রতত্র পারাপার বন্ধ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু পথচারীরা সহযোগিতা করতে চান না। তাগাদা দিলেও পদচারী-সেতু ব্যবহারে উৎসাহী হন না।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে দুই পালায় দায়িত্ব পালন করেন ১২ জন কনস্টেবল ও ২ জন সার্জেন্ট। এ ছাড়া আছেন একজন ট্রাফিক পরিদর্শক। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানবাহনের চাপ এত বেশি যে তাঁদেরও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দেখা যায়, ফার্মগেট-গুলিস্তান থেকে মিরপুরগামী যানবাহনের দীর্ঘ সারি আল-হেলাল হাসপাতাল ছাড়িয়ে গেছে। মিরপুর ১২ নম্বরের দিক থেকে আসা যানবাহনগুলো দাঁড়িয়ে আছে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে।
দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, সড়কের এই দুই পাশে যানবাহনের চাপ একটু বেশি থাকায় গাড়িগুলোকে একটু বেশি সময় দাঁড়াতে হচ্ছে। বাসগুলোকে মোড়ে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। প্রতিদিনই কয়েকটি গাড়ি রেকারে (গাড়ি টেনে নেওয়ার যন্ত্র) দেওয়া হচ্ছে, ডাম্পিং করা হচ্ছে।