যানজট কমাতে ভাঙা হচ্ছে ফ্লাইওভারের বিভাজক
রাজধানীর বকশীবাজার থেকে নিমতলী গেট পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভাজক ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে করে যানজট কমবে কি না, তা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না।
২০১৩ সালের অক্টোবর মাসে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার চালু হয়। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে এই ফ্লাইওভার নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিল ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আর সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
চার লেনবিশিষ্ট এই ফ্লাইওভারটি কাজলা থেকে বকশীবাজার মোড় পর্যন্ত বিস্তৃত। বকশীবাজার থেকে নিমতলী গেটের আগ পর্যন্ত ফ্লাইওভারের অংশ মূল সড়কের সমান্তরাল। ফ্লাইওভারের র্যাম্প শুরু হয়েছে নিমতলী গেটের পর থেকে। এর আগে দুই পাশে বিভাজক দিয়ে মূল সড়ক থেকে ফ্লাইওভারের অংশকে আলাদা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, বকশীবাজার থেকে চানখাঁরপুল পর্যন্ত ডান পাশের বিভাজক ভেঙে ফেলা হয়েছে। আর বাঁ পাশের বিভাজক ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর ফটক পর্যন্ত ভাঙা হয়েছে। কর্মরত শ্রমিকদের একজন মো. কামাল বলেন, রাস্তার প্রশস্ততা বাড়াতে বিভাজক ভাঙার কাজ চলছে। বিভাজকের ভাঙা অংশ রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে।
হোসেনি দালান রোডের বাসিন্দা ইব্রাহীম সাদিক বলেন, মূল ফ্লাইওভারের আগেই বিভাজক দিয়ে সড়ক থেকে ফ্লাইওভারের অংশ আলাদা করে ফেলায় দুই পাশের রাস্তা সরু হয়ে যায়। এতে সব সময় যানজট লেগে থাকত। তিনি বলেন, ‘ডিভাইডার ভাঙার কারণে আমাদের চলাচলে সুবিধা হবে। যানজট কমবে।’
এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল প্রথম আলোকে বলেন, ট্রাফিক বিভাগ, স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং দক্ষিণ সিটি মেয়রের সম্মিলিত সিদ্ধান্তে যানজট কমাতে এই বিভাজক ভেঙে ফেলা হচ্ছে। বিভাজক অপসারণের জন্য নতুন করে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। দক্ষিণ সিটি করপোরেশনের অনুরোধে ওরিয়ন গ্রুপ বিভাজক ভাঙার কাজটি করে দিচ্ছে। তিনি বলেন, ‘এই ডিভাইডার কোনো কাজে লাগছিল না। তাই ভেঙে ফেলা হচ্ছে।’ পরীক্ষা-নিরীক্ষা না করে কেন এ ধরনের বিভাজক বসানো হয়েছিল—জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা জানি না।’