যানজট কমাতে রাস্তার পানি সেঁচলেন ট্রাফিক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৈদ্যুতিক মোটর কিনলাম। তেজগাঁও সাতরাস্তায় এ মোটর দিয়ে সাতটি গর্তের পানি সরানো হয়েছে। আগে এক লেনে গাড়ি চলত, এখন তিন লেনে চলছে। আমাদের মোটর যানজট কমাতে পেরেছে। ওয়াসা ব্যর্থ বলে আমরা পারব না! আজ যা হাস্যকর কাল তা হতে পারে প্রথা।’
ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু ইউসুফ তাঁর ফেসবুক পাতায় গতকাল বুধবার সন্ধ্যায় এ পোস্ট দিয়েছেন। সঙ্গে পুলিশ সদস্যরা মোটর দিয়ে পানি সেঁচছেন এমন ছবি।
ফেসবুকের পোস্ট দেখে যোগাযোগ করা হলে আবু ইউসুফ বলেন, তেজগাঁও সাতরাস্তার মোড়ে ভেঙে যাওয়া রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে থেকে ছোট ছোট পুকুরের মতো তৈরি হয়েছিল। এ কারণে তিন লেনের রাস্তায় মাত্র একটা লেন দিয়ে গাড়ি চলছিল। এতে করে সব সময় যানজট লেগে ছিল। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্থানীয় কয়েক ব্যক্তি ও কর্মকর্তারা মিলে উদ্যোগ নেন। গত মঙ্গলবার ১০ হাজার টাকায় দেড় অশ্বশক্তির বৈদ্যুতিক পাম্প, তার ও পাইপ কেনেন। ওই মোটর দিয়ে গতকাল দুপুরের পরে তেজগাঁও সাতরাস্তায় সড়কের পানি সেঁচে ওয়াসার নালায় ফেলা হয়। তিন ঘণ্টার মধ্যে সাতরাস্তায় সাতটি বড় গর্তের পানি সেঁচে রাস্তা পুরো সচল করা হয়।
সন্ধ্যার পরে ওই মোটরটি বাড্ডা-রামপুরা সড়কের বাড্ডা থানার মোড়ে বসানো হয়। ওই সড়কটির একটি জায়গায় প্রায় পুরোটা জুড়ে পানি জমে জলাশয়ের মতো তৈরি হয়েছিল। গতকাল সন্ধ্যার পরে সেখানে একটি ভ্যানের ওপর মোটর বসিয়ে সড়কের পানি সরানো হয়।