স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা
যানজট কমাতে রাস্তায় স্বয়ংক্রিয় সংকেত বাতি চালুর সুপারিশ
পুলিশ নিয়োগের পরীক্ষা আরও স্বচ্ছ করার জন্য পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগ বিধি সংশোধনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি রাজধানীর যানজট কমাতে সব রাস্তায় স্বয়ংক্রিয় সংকেত (সিগন্যাল) বাতি চালুরও সুপারিশ করেছে। তবে পুলিশ প্রশাসন থেকে এ ব্যাপারে কমিটিকে বলা হয়েছে, অধিকাংশ স্বয়ংক্রিয় সংকেত বাতি নষ্ট থাকায় এগুলো কার্যকর করা সম্ভব হচ্ছে না। ফলে পুলিশকে হাতের ইশারায় সংকেত বাতির কাজ করতে হচ্ছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ নিয়োগের পরীক্ষা সম্পর্কে উপকমিটির একটি প্রতিবেদন নিয়েও আলোচনা হয়। মুজিবুল হকের নেতৃত্বে এ উপকমিটির সদস্য ছিলেন সফিকুল ইসলাম, সানজিদা খানম ও নুরুল ইসলাম।প্রতিবেদনে বলা হয়, পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রতা দূর করতে এবং পুলিশ বাহিনীর কাজের গতি আরও বৃদ্ধি করতে এ সুপারিশ করা হচ্ছে। পুলিশের সাধারণ কনস্টেবল ও উপপরিদর্শক নিয়োগের পরীক্ষা বিশাল আকারে নেওয়ার প্রয়োজন নেই। তাদের শারীরিক যোগ্যতা প্রথমে দেখতে হবে। উপপরিদর্শকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকেও গুরুত্ব দিতে হবে। তবে অনেক প্রার্থী থাকায় সামান্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রার্থী নির্বাচন করা যেতে পারে। প্রতিবেদনে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের পরিবর্তে ২৫ এবং মৌখিক পরীক্ষা ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বরের করার সুপারিশ করা হয়। উপপরিদর্শক পদে নিয়োগের জন্য বর্তমান ২০০ নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে ১০০ নম্বরের করার সুপারিশ করা হয়।সূত্র জানায়, সভায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় চাকরি দেওয়ার ক্ষেত্রে পৃথক পরীক্ষা ব্যবস্থা চালুরও সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসমুল হক, মুহম্মদ জমির উদ্দিন সরকার, মির্জা আজম, মো. মুজিবুল হক, সানজিদা খানম ও মো. সফিকুল ইসলাম সভায় অংশ নেন। সভা শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, পুলিশে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশ সদস্যদের বিদেশি মিশনগুলোয় পাঠানোর ব্যাপারে স্বচ্ছতা আনারও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে স্বয়ংক্রিয় সংকেত পদ্ধতি চালু করতে বলা হয়েছে।