যানজট কমাতে রিকশা লেন

সোমবার বেলা ১১টা। সিলেট নগরের কেন্দ্রস্থল সিটি পয়েন্টে চলছিল রিকশা-অটোরিকশাসহ নানা রকম যানবাহন। এলোমেলো চলাচলে সৃষ্টি হয় তীব্র যানজট। আধা ঘণ্টা পর সেই স্থানে রিকশা চলাচলের জন্য পৃথক লেন তৈরি করা হয়। এরপর পাল্টে যায় চিত্র। কমে যানজট।
সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা থাকায় নগরকে যানজটমুক্ত করার অংশ হিসেবে গতকাল থেকে পরীক্ষামূলক রিকশার জন্য পৃথক লেন পদ্ধতি চালু করা হয়।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, কয়েক বছরের ব্যবধানে নগরে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, ইজিবাইক, রিকশাসহ অন্যান্য যানবাহন মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। সেই তুলনায় রাস্তাঘাট প্রশস্ত করাসহ যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের যানজট নিরসনে একাধিক পরিকল্পনা নেন। মেয়রের নেতৃত্বে মহানগর ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি দল প্রায় এক মাস পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তাকে পরীক্ষামূলকভাবে কয়েকটি লেনে বিভক্ত করে যানবাহন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গত রোববার নগরের সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত রাস্তায় দড়ি টেনে তিনটি লেনে বিভক্ত করা হয়। রিকশা যাওয়া-আসার জন্য দুটি লেন ও গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলের জন্য অপর লেনটি ব্যবহূত হবে।

রোববার বিকেলে রিকশা লেন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। কিন্তু বিষয়টি চালকদের অনেকেই না জেনে আগের মতোই যানবাহন চালানোয় ভয়াবহ যানজট শুরু হয়। পরে ট্রাফিক পুলিশের নানামুখী তৎপরতায় চালকেরা পৃথক লেনে রিকশা চালানোয় যানজট নিয়ন্ত্রণে আসে।

গতকাল বেলা সাড়ে ১১টার পর থেকে যানজট পুরোপুরিভাবে দূর হতে দেখা গেছে। লেন দিয়ে চলা ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবু বক্কর বলেন, ‘রাস্তা ভাগ হওয়ায় সুবিধা হইছে। যানজট মনে হয় কইমা যাইব। আইজ (সোমবার) দুপুরের পর থেইক্যা আর এই রাস্তায় যানজট নাই।’
রিকশাচালক ইসলাম উদ্দিন জানান, একদিক দিয়ে রিকশা যাওয়া এবং অন্যদিক দিয়ে রিকশা আসায় ভালো হয়েছে। এতে অতি সহজেই যাওয়া-আসা করা যায়। ঘণ্টার পর ঘণ্টা আর যানজটে আটকে থাকতে হবে না।
মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মহানগর ট্রাফিক পুলিশ, সওজ ও সিটি করপোরেশন যৌথভাবে পৃথক রিকশা লেনের কার্যক্রম চালু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ পদ্ধতি যানজট নিরসনে ভূমিকা রাখলে পরে নগরের অন্যান্য সড়কে ওই পদ্ধতি চালু করা হবে।