যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে নিটোল নিলয় গ্রুপের দেওয়া সাতটি বাসের চাবি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর একটি বাস পরিদর্শন করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে নিটোল নিলয় গ্রুপের দেওয়া সাতটি বাসের চাবি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর একটি বাস পরিদর্শন করেন l ছবি: ফোকাস বাংলা

রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ কমিয়ে যানজট নিরসনে ভূমিকা রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুদান হিসেবে বাস দেওয়ার জন্য সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এতে একদিকে যেমন শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধান হবে, তেমনি রাস্তার যানজটও কমে আসবে।
গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ স্কুল ও কলেজ কর্তৃপক্ষের কাছে সাতটি নতুন বাসের চাবি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী এ সময় একটি বাসে উঠে এর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেন ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। স্কুল দুটির অধ্যক্ষ প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন বাসের চাবি গ্রহণ করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যাতায়াতে বাসের ব্যবহার বাড়ালে ব্যক্তিগত যানবাহন ব্যবহারের পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে। এতে রাস্তায় গাড়ির চাপ কমবে এবং রাজধানীসহ দেশের অন্যান্য শহরে যানজট কমবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।
প্রধানমন্ত্রী বিদেশ থেকে আমদানি করা বাসের গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গুণগত মানসম্পন্ন বাস আমদানির দিকে নজর দিতে হবে; যাতে মানুষের ভ্রমণ আরামদায়ক হয়।

নিটোল নিলয় গ্রুপ স্কুল দুটিকে সাতটি বাস অনুদান হিসেবে দিয়েছে। এর প্রতিটির আসনসংখ্যা ৩৫। চারটি বাস বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজকে এবং তিনটি বিজিবি পরিচালিত অপর প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ স্কুল ও কলেজকে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ খান, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী একটি ফোর ডি আল্ট্রাসনোগ্রাম যন্ত্র গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুননেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালকে প্রদান করেন। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলাইমানের কাছে এই যন্ত্র হস্তান্তর করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও সমাজকল্যাণ মন্ত্রণালয় পিপিপির ভিত্তিতে ২১৫ কোটি টাকা ব্যয়ে ছয় একর জমিতে এই হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণ করে। মালয়েশীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই অত্যাধুনিক হাসপাতালে দরিদ্র রোগীদের বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হয়।