যানজট কমে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে নাতিয়াপাড়া পর্যন্ত যানজট কমতে শুরু করেছে। বিশেষ করে মির্জাপুর অংশে এখন যানজটমুক্ত। তবে চন্দ্রা এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। আজ বৃহস্পতিবার দুপরের পর থেকে এই মহাসড়কে যান চলাচল কমে আসে।
গতকাল বুধবার রাত থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। ফলে রাত থেকে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। সকালের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে নাতিয়াপাড়া পর্যন্ত ৩০ কিলোমিটার যানজটে অনেকটাই স্থবির হয়ে পড়ে। যাত্রীবাহী বাস, প্রাইভেটকারের সঙ্গে আবার সড়কে কাভার্ড ভ্যানও দেখা গেছে। যদিও এ সময় কাভার্ড ভ্যান, ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
রিফাত হোসেন নামে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তিনি বুধবার সন্ধ্যা ছয়টায় মহাখালী থেকে বাসে ওঠেন। আর টাঙ্গাইল পৌঁছেছেন আজ পৌনে ১১টায়।
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে রিফাতের সময় লেগেছে প্রায় ১৭ ঘণ্টা।
বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ জানিয়েছেন, বুধবার সব পোশাক কারখানা ছুটি হয়েছে। এতে এই এলাকায় মহাসড়কে ব্যাপক চাপ তৈরি হয়েছে। তবে বিকেল থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।