
আর দুই দিন পরই ঈদ। বাস, ট্রেন, লঞ্চে এখন ঘরমুখী মানুষের ভিড়। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ সড়কপথে। তবে আগের দিনের চেয়ে যানজট কমে আসায় গতকাল মঙ্গলবার সড়কপথে দুর্ভোগ কিছুটা কমেছে। নৌ ও রেলপথও স্বাভাবিক আছে। তবে টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে মানুষকে যানজটে পড়তে হয়েছে। বিশেষ করে সদরঘাট পৌঁছাতে।
সড়কপথে গতকাল যারা ঢাকা ছেড়েছে, তাদের বেশির ভাগই বড় ধরনের কোনো দুর্ভোগে পড়েনি বলে বেশ কয়েকজন জানিয়েছে। প্রায় সব বাস রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল ও পরিবহন কোম্পানিগুলোর কাউন্টার থেকে প্রায় নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে গন্তব্যে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা দেরি হয়েছে অনেক বাসের। বাসচালকেরা বলেছেন, পশুবাহী ট্রাকের কারণে মহাসড়কে চাপ থাকায় সময় বেশি লেগেছে। তবে যানজট ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে মুন্সিগঞ্জের ভবেরচর পর্যন্ত এবং মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কের মদনপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত।
ঢাকা থেকে গতকাল সকালে হানিফ এন্টারপ্রাইজে রংপুর গেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে হাসান মাহমুদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সময়মতোই বাস কাউন্টারে এসেছেন। তিনিও মোটামুটি সময়মতো রংপুর পৌঁছাতে পেরেছেন।
এস আর পরিবহনের উপমহাব্যবস্থাপক প্লাবন বলেন, ‘আমাদের সব বাসই ঠিক সময়ে কাউন্টারে এসেছে ও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে। তবে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, গত দুই দিনের মতো যানজট না থাকলেও বৃষ্টি ও পশুবাহী ট্রাকের কারণে বিভিন্ন গন্তব্যের বাসের দুই থেকে তিন ঘণ্টা দেরি হয়েছে। অন্য সময় ঢাকা থেকে বগুড়া যেতে চার থেকে সাড়ে চার ঘণ্টা লাগলেও গতকাল লেগেছে প্রায় আট ঘণ্টা।
পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছেড়ে যাবে। ঈদের আগে আজ শেষ কর্মদিবস। তাই যানবাহনের চাপে যানজটেরও আশঙ্কা করছে তারা।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে ভবেরচর পর্যন্ত ও মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কের মদনপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত সকাল নয়টা থেকে রাত পর্যন্ত যানজটে পড়ে দুর্ভোগ পোহায় ঈদে ঘরমুখী মানুষ। ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক আমজাদ হোসেন বলেন, শিমরাইল মোড় থেকে মেঘনা সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক পার হতে চার ঘণ্টা লেগেছে। ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রী আলমগীর কবির বলেন, সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে সড়ক সরু করায় যানজট হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়কের পাশে পশুর হাট, সড়ক ভেঙে সৃষ্ট বড় বড় গর্ত ও অতিরিক্ত যানবাহনের কারণে এ দুটি সড়কে দীর্ঘ যানজট হয়।
কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের সহকারী যান কর্মকর্তা মজিবুর রহমান। তিনি বলেন, রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনে দুটি অতিরিক্ত বগি লাগাতে হয়েছে। ফলে এই ট্রেনটি ৪০ মিনিট দেরি করেছে। এ ছাড়া সব ট্রেনই মোটামুটি নির্ধারিত সময়ে গেছে।
সদরঘাটে দুর্ভোগ: গতকাল দুপুরের পর থেকে সদরঘাট টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে পৌঁছাতে মানুষকে যানজটের কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া র্যা ব, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকলেও টার্মিনাল এলাকায় ছিল হকারদের উৎপাত।
মিরপুর থেকে আসা লঞ্চযাত্রী ওমর ফারুক বলেন, গুলিস্তান থেকে সদরঘাটে আসার পথে রায়সাহেব বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ও সদরঘাট মোড় এলাকায় যানজটের কারণে টার্মিনালে আসতে সমস্যা হয়েছে।
কর্ণফুলী-৩ লঞ্চের যাত্রী রেহানা ইসলাম বলেন, নাজিরপুর যাবেন। লঞ্চ ছাড়বে সন্ধ্যা ছয়টায়, যানজটের কারণে পরিবার-পরিজন নিয়ে দুপুরেই টার্মিনালে চলে এসেছেন। ঈদের সময় সদরঘাটে আসার পথে বিড়ম্বনার শেষ নেই।
অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান বলেন, যাত্রীদের এখনো উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে না। পোশাক কারখানা, কলকারখানাগুলো ছুটি হলে বুধবার থেকে যাত্রীদের চাপ বাড়বে। যাত্রীদের চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কপথে যানজট নিরসনের জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নৌ-পুলিশের অতিরিক্ত সুপার মো. মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, নদীপথে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য টার্মিনাল এলাকায় শতাধিক নৌ-পুলিশ সদস্য ছাড়াও নদীতে নৌ-পুলিশের নয়টি দল টহল দিচ্ছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হোসেন বলেন, তাঁতীবাজার থেকে সদরঘাট পর্যন্ত যানজট নিরসনে একাধিক ট্রাফিক পুলিশের সদস্য কাজ করছেন।
আরও পড়ুন