বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ৭ শতাংশ নষ্ট হচ্ছে শুধু ঢাকা শহরের যানজটের কারণে। শুধু এই শহরকে যানজটমুক্ত করা গেলে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ত ৭৮ ডলার বা ৬ হাজার ২৮০ টাকা। এমন তথ্যই উঠে এসেছে বিনিয়োগ বোর্ডের ‘ঢাকা শহরের যানজট ও এর অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক এক গবেষণায়।
রাজধানীর দিলকুশায় বিনিয়োগ বোর্ড কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। গবেষণাটি করেছেন বিনিয়োগ বোর্ডের উপপরিচালক সঞ্জয় চক্রবর্তী। গবেষণা প্রবন্ধটির উপস্থাপনায় তিনি বলেন, ঢাকার যানজটের কারণে প্রতিবছর বাংলাদেশের আর্থিক ক্ষতি হচ্ছে ১ হাজার ২৫৬ কোটি মার্কিন ডলার, যা বর্তমান জিডিপির প্রায় ৭ শতাংশ। যানজটের কারণে এত আর্থিক ক্ষতি বিশ্বের আর কোনো দেশে হয় না। শুধু যানজট দূর করা গেলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতো ১৩ শতাংশ।
যানজটের আর্থিক ক্ষতির এই হিসাব তৈরিতে যাতায়াতের অতিরিক্ত সময়, সামাজিক মূল্য, যাতায়াতে দেরির কারণে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি, যানবাহন চলাচলের অতিরিক্ত খরচ, পরিবেশগত ক্ষতির খরচ ও সড়ক দুর্ঘটনাজনিত আর্থিক ক্ষতির খরচ যোগ করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, যানজটের কারণে যে সময় নষ্ট হয়, তার আর্থিক ক্ষতি ৫৬১ কোটি ডলার, যানজটের শিকার ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অন্যান্য পক্ষের ব্যয় ৩৯৩ কোটি, সামাজিক মূল্য ২৮০ কোটি, যানবাহন পরিচালনায় অতিরিক্ত ব্যয় ১৭ কোটি ৮০ লাখ ডলার হিসাব করা হয়েছে। সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন প্রকাশিত গবেষণা ও পরিসংখ্যানের তথ্য ব্যবহার করে এসব আর্থিক হিসাব তৈরি করা হয়েছে।
সঞ্জয় চক্রবর্তী আরও বলেন, বাংলাদেশের মোট জিডিপির ৩৫ শতাংশের জোগান আসে ঢাকা শহর থেকে। ঢাকার যানজটের আর্থিক ক্ষতির যে চিত্র পাওয়া যাচ্ছে, তা দেশের উন্নয়ন বাজেটের প্রায় দ্বিগুণ, আর প্রবাসী-আয়ের প্রায় সমান। এটিই যানজটের আর্থিক ক্ষতির ভয়াবহতাকে তুলে ধরে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে হলে এ সমস্যা কাটানোর বিকল্প নেই।
যানজটের এই সমস্যা সমাধানে এ গবেষণায় দুই রকমের কৌশলগত প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবটি হলো, ঢাকা শহরে মানুষের যাতায়াত কমিয়ে আনার পদক্ষেপ। অন্যটি হলো, বর্তমান যানজট সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন।
ঢাকায় জনসংখ্যা কমানোর উপায় হিসেবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করা, পৃথক নগর সরকারব্যবস্থার প্রচলন, ই-গভর্নেন্সের মতো বিষয়ে জোর দেওয়া হয়েছে। ঢাকার বিদ্যমান যানজট কমাতে ইউ-আকৃতির চলাচলব্যবস্থা, নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকায় চালু না করা, রেলপথ ক্রসিং এলাকা পারাপারে ফ্লাইওভার বা অন্য কোনো উপায় গ্রহণ করার কথা বলা হয়েছে। সর্বোপরি রাস্তায় চলাচলের ক্ষেত্রে আইন মেনে চলার মানসিকতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, যানজটের কারণ আরও আগেই চিহ্নিত হয়েছে। এখন এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘১৯৭২ সালে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে আমি এক দিনেই ফুটপাত দখলমুক্ত করেছিলাম। ঢাকাকে যানজটমুক্ত করতে হলে এমন বেশ কিছু কাজ করতে হবে।’
এই সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান প্রমুখ।