যানজট-গরমে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থেমে থেমে চলছে গাড়ি। ৩৫ মিনিটের গন্তব্যে যেতে সময় লাগছে ৭০ মিনিট। প্রচণ্ড যানজট। তার ওপর গা জ্বালানো গরম। অতিষ্ঠ রাজধানীবাসী। পবিত্র রমজানে সমস্যা আরও বাড়ার আশঙ্কা করছেন দুর্ভোগকবলিত নগরবাসী।
প্রথম আলোর এই প্রতিবেদক গতকাল রোববার উত্তরা থেকে বিকেল পাঁচটা ৩৫ মিনিটে রতন মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কারওয়ান বাজার এসে পৌঁছান ছয়টা ৪৫ মিনিটে। পুরো পথেই রাস্তার দুপাশে যানবাহন থেমে থেমে চলছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে গাড়িগুলো নড়ছিলই না।
মো. রতন মিয়া পুরান ঢাকায় থাকেন। প্রতিদিন ওয়ারী থেকে সকাল আটটায় তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি ছয়টি ট্রিপ দিয়েছেন। তিনি বলেন, ‘রাস্তা মোটামুটি ক্লিয়ার থাকলে উত্তরা থেকে কারওয়ান বাজার আসতে ৩৫-৪০ মিনিট লাগে। একদম ক্লিয়ার থাকলে লাগে আধা ঘণ্টা।’ তিনি আরও বলেন, গতকাল যেখানেই গিয়েছেন যানজট পেয়েছেন। তেজগাঁও সড়কে সারা দিনই ছিল একই অবস্থা। রমজান মাস আসছে, তখন এ অবস্থা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা করছেন।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ফাহিম আলম প্রতিদিন ডেমরা থেকে ধানমন্ডি এসে অফিস করেন। সময় লাগে দুই ঘণ্টা। গতকাল তিনি তিন ঘণ্টায় পৌঁছান। গুলিস্তান, পল্টন ও শাহবাগ এলাকায় অনেক বেশি সময় যানজটে আটকা পড়ে থাকেন। তিনি বলেন, ‘রোজার সেকেন্ড উইক থেকে জ্যাম আরও বাড়বে।’
ইসলাম হোসেন ভোরে মোহাম্মদপুর থেকে রিকশা নিয়ে বের হন। প্রতিদিন ১০-১২টি গন্তব্যে যাত্রী নিয়ে যান। গতকাল পারেননি। প্রথম আলোকে বলেন, ‘এক খ্যাপে এক ঘণ্টার বেশি যায়গা। কলাবাগান, নিউমার্কেট আর পান্থপথে অনেক জাম আছিলো।’
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হবে। ইফতারের আগে সবারই বাড়ি ফেরার তাড়া থাকবে। সঙ্গে ঈদের কেনাকাটার ভিড় তো আছেই। তখন আধা ঘণ্টার পথ যেতে যে কত ঘণ্টা লাগবে!