নারায়ণগঞ্জ সিটির ৬৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা
যানজট, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ

নতুন করে করারোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। যানজট, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বাজেট ঘোষণা করেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ অর্থবছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা আয় এবং ৬৫৭ কোটি ৩২ লাখ ৫ হাজার ২০০ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রাখা হয়েছে ৬ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৪২৫ টাকা।
বাজেটে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়। এ ছাড়া এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণার সময় লিখিত বক্তব্যে মেয়র আইভী বলেন, বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে। শীতলক্ষ্যা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরাইল খাল পুনঃখনন ও ওয়াকওয়ে প্রকল্পের কাজ চলমান আছে। বাজেটে ৫, ১০ ও ২০ বছর মেয়াদি নগর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
বাজেট ঘোষণা শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন জাইকার সহায়তাপুষ্ট ‘সিটি গভর্ন্যান্স প্রকল্প’-এর আয়োজনে সিটি করপোরেশনের স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জনতার মুখোমুখি সিটি করপোরেশন’ শীর্ষক অনুষ্ঠান হয়। এতে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র আইভী। এ সময় তাঁর পাশে ছিলেন সাংসদ সেলিম ওসমান। তিনিও নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মেয়র আইভী বলেন, ‘নগর ভবনের সামনে ট্রাকস্ট্যান্ডটি নিয়ে আমি ১৩ বছর ধরে লড়ছি। ওয়ান-ইলেভেনের সময় যদি সেটি উন্মুক্ত থাকতে পারে, এখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালে কেন এভাবে একটি প্রতিষ্ঠানকে অবরুদ্ধ করে রাখা হবে।’ তিনি বলেন, ‘রাজউক পৌরসভা থেকে জায়গা অধিগ্রহণ করেছিল রাস্তা করে দেওয়ার জন্য, জমি বিক্রি করে পয়সা নেওয়ার জন্য না। সুতরাং আমাদের জায়গা কেন এভাবে নিয়ে বিক্রি করে দেবে।’
মেয়র ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ ও রাজউকের জমি অধিগ্রহণ-প্রক্রিয়া বন্ধ করতে সেলিম ওসমানের সহযোগিতা চান। মেয়র বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে কাজ করব, অর্থ জোগানের দায়িত্ব আমার। আর আপনি ফিতা কেটে তা উদ্বোধন করবেন।’
মেয়রকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সেলিম ওসমান বলেন, ‘আমাদের ভুল ছিল, দলীয় কোন্দল ছিল। আজকের পর সব অপরাজনীতির অবসান হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাট এলাকায় সেতুর কাজ না হওয়া প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘আমি ও আমার ছোট বোন আইভী প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। সেতুটি নির্মাণে বেশি দেরি হবে না।’
নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে সেলিম ওসমান বলেন, ‘এখানে দিনের বেলায় ট্রাক দাঁড়াতে পারে না। এখানে রাতের বেলায় ট্রাক আনলোড করতে হবে। যদি ব্যবসায়ীর ব্যবসা না হয়, তাহলে ব্যবসা ছেড়ে চলে যেতে হবে।’
বাজেট বক্তৃতায় মেয়র সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ডিজিটাল তথ্যসেবাকেন্দ্র করার পরিকল্পনার কথা জানান। তিন বলেন, জঙ্গিবাদ রোধে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা আরও বাড়াতে হবে। কাউন্সিলরদের খেলাধুলার আয়োজন করতে হবে।